লুট করা ইলিশসহ ট্রলার ও অপহূত জেলে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার মেঘনায় ইলিশসহ ট্রলার লুট করে নেওয়ার সময় জলদস্যু ও পুলিশের মধ্যে গোলাগুলি হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর আড়াইটার দিকে হাতিয়ার নলছিরা ঘাট থেকে আওয়ামী লীগের নেতা সাইফুল ইসলাম ও ইব্রাহিম মাঝির প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ইলিশ মাছ ভর্তি দুটি ট্রলার নিয়ে ৪০ জন জেলে বয়ারচরের চেয়ারম্যানঘাটের উদ্দেশে রওনা হয়। ট্রলার দুটি নলছিরা ও চেয়ারম্যানঘাটের মাঝামাঝি মেঘনা নদী অতিক্রম করার সময় জলদস্যু নিজাম ডাকাত বাহিনীর ২৫-৩০ জনের দলটি ট্রলার দুটির পথ রোধ করে। এরপর দস্যুরা অস্ত্রের মুখে মাছভর্তি ট্রলার লুট করে এবং জেলেদের অপহরণ করে তাঁদের আস্তানার দিকে রওনা হয়। এ সময় নদীতে থাকা অন্য জেলেদের মাধ্যমে খবর পৌঁছে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেনের কাছে। তিনি তাৎক্ষণিক চেয়ারম্যানঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সুবেদার মো. শাহজাহানকে দ্রুত দস্যুদের পিছু নেওয়ার নির্দেশ দেন। বিকেল চারটার দিকে পুলিশ কেরিংচরের কাছে মেঘনায় লুট করা ট্রলারসহ দস্যুদের ঘেরাও করে ফেলে। এ সময় পুলিশের সঙ্গে দস্যুদের বেশ কয়েকটি গুলিবিনিময় হয়। একপর্যায়ে দস্যুরা ইলিশসহ ট্রলার ও অপহূত জেলেদের রেখে পালিয়ে যায়।