লুট করে কাউকে না বলার ‘শপথ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসায় আট লাখ টাকা রয়েছে। এ টাকা বের করে না দেওয়ায় ঘরের আসবাব তছনছ করে চলে লুটপাট। নগদ কিছু টাকা, স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যাওয়ার সময় পরিবারের সবাইকে জড়ো করে অস্ত্র তাক করে লুটপাটের কথা কাউকে না বলতে ‘শপথ’ করানো হয়।মুক্তিযুদ্ধে সিলেটে পাকিস্তানি বাহিনীকে প্রথম প্রতিরোধকারী বালাট সাব-সেক্টর কমান্ডার প্রয়াত মেজর (অব.) মুত্তালিবের বাড়িতে গতকাল বৃহস্পতিবার ভোরে এভাবে হানা দিয়ে লুটপাট করে অস্ত্রধারীরা।বাসায় বসবাসকারীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে নগরের সেনপাড়ার ওই বাসার দরোজা ভেঙে মুখোশধারী একদল লোক ঘরে প্রবেশ করে। ভাড়াটিয়া আলী আজম মৌলভীবাজারে ব্যবসা করেন। ছয়জন মুখোশধারী ঘরে ঢুকে তাঁর সন্তানদের গলায় ছুরি ধরে। এ সময় দুজনের হাতে পিস্তল ও কাটা রাইফেল ছিল। অস্ত্র তাক করে ঘরে রাখা আট লাখ টাকার সন্ধান চায় তারা। টাকা না পেয়ে বাসার জিনিসপত্র তছনছ করে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে চলে যায়। আলী আজম জানান, চলে যাওয়ার সময় অস্ত্রধারীরা তাঁর এক সন্তানের মাথায় এক হাত এবং অন্য হাতে কোরআন শরিফ রেখে ঘটনাটি কাউকে না বলতে শপথ করায়। শপথ করানোর কথা শুনে ঘটনাটি রহস্যজনক বলে মন্তব্য করেন বাড়ির মালিক মেজর (অব.) মুত্তালিবের মেয়ে রাবেয়া মুত্তালিব। তিনি জানান, দীর্ঘদিন ধরে এলাকার একটি চক্র তাঁর বাসা ও জায়গা দখলের চেষ্টা চালাচ্ছে। আতঙ্ক ছড়াতে এরাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, লুটপাটকারীদের শনাক্ত করতে পুলিশ চেষ্টা চালিয়েছে যাচ্ছে।জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকতি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় গত বুধবার রাত প্রায় দুইটায় সৌদিপ্রবাসী ফজলুর রহমান তাফাদারের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। তারা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণসহ মালামাল লুটে নিয়ে যায়। ডাকাতের অস্ত্রের আঘাতে চারজন আহত হয়েছেন।