গাজীপুরের কালিয়াকৈরে ডাচ্-বাংলা ব্যাংকের ফার্স্ট ট্র্যাক বুথে টাকা লুটের ঘটনায় ডাকাত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোররাতে গাজীপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তবে গতকাল পর্যন্ত লুট হওয়া টাকা উদ্ধার করা যায়নি।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকার মিন্টু মিয়া (৩২) ও খুলনার পাইকগাছা থানার গদাডাঙ্গা এলাকার লাভলু মোল্লা ইমন ওরফে নইমুল ইসলাম (৩৫)। পুলিশ দাবি করেছে, গ্রেপ্তারকৃত একজন পুলিশের কাছে টাকা লুটের ঘটনা স্বীকার করেছেন। এ ছাড়া ঘটনার দিনে আটক মানি প্ল্যান্টের নিরাপত্তাকর্মীসহ নয়জনের মধ্যে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। ডাচ্-বাংলা ব্যাংকের পক্ষে বুথে টাকা ভরার কাজটি করে মানি প্ল্যান্ট নামের প্রতিষ্ঠানটি।
গত বুধবার রাতে কালিয়াকৈরে ডাচ্-বাংলা ব্যাংকের ফার্স্ট ট্র্যাক বুথে টাকা ভরার সময় দুটি ট্রাংকভর্তি ১ কোটি ৮৩ লাখ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোতালেব মিয়া বলেন, পুলিশ গতকাল ভোররাতে গাজীপুরের রাখালিয়াচালা এলাকায় অভিযান চালিয়ে মিন্টু মিয়াকে গ্রেপ্তার করে। মিন্টু জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তাঁরা ছয়জন মিলে একটি পিকআপ ভ্যান নিয়ে সাভারের আশুলিয়া থেকে মানি প্ল্যান্টের টাকাবাহী গাড়ি অনুসরণ করছিলেন। গত বুধবার রাতে ডাকাতি করার পরিকল্পনা করা হয়। রাতে টাকাভর্তি গাড়িটি কালিয়াকৈরের দিকে যাওয়ার পথে নবীনগর সড়কে একবার টাকাভর্তি গাড়িটিকে আটকের চেষ্টা করা হয়। কিন্তু আশপাশে লোকজন ও গাড়ির ভিড় বাড়ায় ওই পরিকল্পনা কার্যকর হয় না। পরে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার ফার্স্ট ট্র্যাক এটিএম বুথে টাকাভর্তি গাড়িটি ঢুকলে ডাকাতেরা হানা দেন এবং কোনো বাধা ছাড়াই টাকা লুট করে পিকআপে নিয়ে পালিয়ে যান। রাতেই গাজীপুরের রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে দুটি ট্রাংক ভেঙে টাকা বের করা হয়।
ওসি বলেন, আবদুল মোতালেব ও মিন্টুর দেওয়া তথ্যে গাজীপুর সদরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে ডাকাতিকাজে অংশ নেওয়া লাভলু মোল্লা ইমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দাবি করেছেন, টাকা তাঁদের অন্য সহযোগীদের কাছে রয়েছে। ওসি আরও বলেন, মানি প্ল্যান্টের লোকজন টাকা লুটের সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার উপপরিদর্শক মজিদ বকুল জানান, এটিএম বুথের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় দেখা যায়, টাকা লুটের আগে প্রতিষ্ঠানের লোকজন বুথের ভেতর মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত কোনো বাধা ছাড়াই ভেতরে ঢুকে দুটি ট্রাংক নিয়ে চলে যায়। এ সময় দুজন গানম্যান থাকলেও তাঁরা কোনো বাধা দেননি।
তবে মানি প্ল্যান্টের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল (অব.) সৈয়দ আফজালুল আবেদিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের কেউ ঘটনায় জড়িত থাকলে তা-ও উদ্ঘাটিত হবে বলে আশা করছি।’
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ বলেন, এটিএম বুথের টাকা আনা-নেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির চরম গাফিলতি রয়েছে। তারা পুলিশকে কোনো রকম অবহিত না করে মধ্যরাতে এত টাকা নিয়ে বিভিন্ন বুথে ঘোরাফেরা করছিল।