লুট হওয়া টাকা তিন মাসেও উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের চার লাখ ৭৭ হাজার ৪০০ টাকা লুট হওয়ার তিন মাস পরও উদ্ধার হয়নি। ওই ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলেও তদন্ত শেষ হয়নি।
কলেজের অধ্যক্ষের করা মামলায় খণ্ডকালীন চার কর্মচারী ও ধর্মপুর এলাকার এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু টাকা উদ্ধার না হওয়ায় শিক্ষকেরা হতাশ হয়ে পড়েছেন।
কলেজ সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর রাতে কলেজের ধর্মপুর এলাকায় অবস্থিত ডিগ্রি শাখার প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার গ্রিল কেটে সাতটি কক্ষের তালা ভাঙা হয়। এর মধ্যে ১০১৩ নম্বর কক্ষে থাকা টাকার ভল্ট ভেঙে চার লাখ ৭৭ হাজার ৪০০ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ উপাধ্যক্ষ আবদুর রশিদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। গতকাল রোববার পর্যন্ত তদন্ত কমিটি কোনো প্রতিবেদন জমা দেয়নি।
জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান ও কলেজের উপাধ্যক্ষ আবদুর রশিদ জানান, তদন্তের কাজ শেষ পর্যায়ে। শিগগিরই প্রতিবেদন জমা দেওয়া হবে। ঘটনার সঙ্গে কলেজের খণ্ডকালীন নৈশপ্রহরীরা জড়িত বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। পাঁচ কর্মদিবসের তদন্ত প্রতিবেদন তিন মাস পরও জমা দেওয়া হয়নি কেন—এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একাধিক শিক্ষক বলেন, ‘টাকা উদ্ধার না হওয়ায় আমরা পরীক্ষার দায়িত্বের ন্যায্য সম্মানি থেকে বঞ্চিত হচ্ছি।’ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক জসিম উদ্দিন বলেন, ‘ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া আশিক টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। বর্তমানে আশিক কারাগারে রয়েছেন। তাঁর কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা চলছে।’