সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যারহস্য উদ্ঘাটনে লুট হওয়া মালামাল উদ্ধারের ওপর জোর দিয়েছে পুলিশ। এ জন্য সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান ও অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।এদিকে এই সাংবাদিক দম্পতির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের গণ-অনশন কর্মসূচি রয়েছে। জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উভয় অংশ একযোগে গত ২২ ফেব্রুয়ারি এ কর্মসূচি ঘোষণা করে। একই সঙ্গে সারা দেশে এই কর্মসূচি পালনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দায়িত্বশীল একটি সূত্র জানায়, এ ঘটনায় সন্দেহবশত অনেককেই ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের কাউকে এখন পর্যন্ত সরওয়ার-মেহেরুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। জিজ্ঞাসাবাদের পর বেশির ভাগ ব্যক্তিকেই ছেড়ে দেওয়া হয়েছে। সূত্রগুলোর দাবি, খুনির উদ্দেশ্য সম্পর্কে তদন্তকারীরা অনেকটা ধারণা পেয়েছেন। এর ভিত্তিতে এখন সন্দেহভাজনদের ধরে মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।তদন্তসংশ্লিষ্ট একজন কর্মকর্তা গত সোমবার প্রথম আলোকে বলেন, এখন গ্রিল ভেঙে ঢুকে চুরি-ডাকাতিতে জড়িত পেশাদার অপরাধীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এমন সন্দেহকে সামনে রেখে তদন্তকার্যক্রম করছেন কর্মকর্তারা। তিনি বলেন, অন্য সম্ভাব্য কারণ বা সন্দেহ তদন্তে অমূলক প্রতীয়মান হওয়ায় এই সন্দেহ বেশি গুরুত্ব পাচ্ছে। এ ক্ষেত্রে ঘটনা উদ্ঘাটনে কিছু সম্ভাবনা দেখছেন বলে সংশ্লিষ্ট সূত্রটি দাবি করছে। সূত্রটি জানায়, এ রকম সন্দেহে ধানমন্ডি থেকে হানিফ হাওলাদার, কামরাঙ্গীরচর থেকে বশির আহমেদ ও নারায়ণগঞ্জ থেকে নুরুল ইসলামসহ আরও কয়েকজনকে আটক ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এর আগে গত ১৫ ফেব্রুয়ারি সোনারগাঁ থেকে আবদুল হালিম নামে একজনকে ধরা হয়। দুদিন পর মতিঝিল থানার একটি মোটরসাইকেল চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়।পুলিশের অপর একটি সূত্র গত সোমবার রাতে এ প্রতিবেদককে জানায়, সন্দেহভাজনদের কাছে জানতে চাওয়া হচ্ছে, ১০ ফেব্রুয়ারি রাতে তাঁরা কে, কোথায় ছিলেন, কী করেছেন। মুঠোফোনের প্রযুক্তিগত সহায়তা নিয়ে তাঁদের বক্তব্য মিলিয়ে দেখা হচ্ছে।সরওয়ার-মেহেরুনের ফ্ল্যাট থেকে স্বর্ণালংকার, সরওয়ারের দুটি মুঠোফোন, একটি ল্যাপটপ ও একটি নেটবুক, একটি সনি হ্যান্ডিক্যাম ও কিছু নগদ অর্থ লুট হয়েছে বলে ডিবি কর্মকর্তারা জানতে পেরেছেন।