লুট হওয়া মুঠোফোন কেনার খেসারত
লুট হওয়া মুঠোফোন কিনে চাচা-ভাতিজা এখন থানা হাজতে। চাচা ইরন মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সদস্য, আর ভাতিজা ফয়জুর রহমান ব্যবসায়ী। পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২২ জানুয়ারি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রামে একটি ডাকাতি হয়। ডাকাতেরা বিভিন্ন মালামাল লুটে নেয়। এর মধ্যে একটি নকিয়া মুঠোফোন সেট ছিল। এ ঘটনায় কুমারখালী থানায় মামলা হয়। কুমারখালী থানার পুলিশ তদন্ত করে জানতে পারে, ডাকাতদের লুটে নেওয়া মুঠোফোনটি সিলেটের বিশ্বনাথে ব্যবহার করা হচ্ছে। কুমারখালী থানার পুলিশ গত শুক্রবার রাতে বিশ্বনাথ থানার পুলিশের সহায়তায় বিশ্বনাথের সাধু গ্রামে অভিযান চালিয়ে ইরন মিয়ার (৪৫) কাছ থেকে ওই মুঠোফোনটি উদ্ধার এবং তাঁকে আটক করে। পরে পুলিশ ইরনের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর ভাতিজা একই গ্রামের ফয়জুর রহমানকে আটক করে। আটক ব্যক্তিদের গত শনিবার বিশ্বনাথ থেকে কুষ্টিয়ার কুমারখালী থানায় নেওয়া হয়েছে।ইরন মিয়া বলেন, ‘আমি প্রায় ছয় মাস আগে আমার ভাতিজার (ফয়জুর) কাছ থেকে এই মুঠোফোনটি কিনেছি। এটি ডাকাতি হওয়া মালামালের মধ্যে ছিল কি না জানি না।’ফয়জুর রহমান বলেন, ‘আমি মুঠোফোনটি সিলেটের একটি দোকান থেকে কিনেছি। পরবর্তী সময়ে তা চাচার কাছে বিক্রি করেছি।’কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান গতকাল রোববার জানান, ডাকাতির ঘটনা তদন্তে আটক ওই দুজনকে নিয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন বলেন, আটকেরা এ ঘটনার সঙ্গে জড়িত কি না, আমরা জানি না। তদন্ত করে দেখা হবে, আসল অপরাধী কারা।