লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার
টাঙ্গাইলের সখীপুরে জুয়েলারি দোকানের কর্মচারীকে খুন করে স্বর্ণালংকার লুটের ঘটনায় ওই জুয়েলারির মালিক গোবিন্দ কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর বাসা থেকে লুট হওয়া ৪১ ভরি সোনা ও ১১২ ভরি রুপাও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে শ্রীকৃষ্ণ জুয়েলারি ওয়ার্কশপের মালিক গোবিন্দ কর্মকারের সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসায় অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে লুট হওয়া ৪১ ভরি সোনা ও ১১২ ভরি রুপা পাওয়া যায় গোবিন্দের বাসায়। পরে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
সখীপুর থানার ওসি মোখলেছুর রহমান বলেন, এর মধ্য দিয়ে খুনের রহস্য উদ্ঘাটনের দ্বারপ্রান্তে পৌঁছেছে পুলিশ। গত সোমবার রাতে সখীপুর বাজারের কেন্দ্রীয় মসজিদ সড়কের শ্রীকৃষ্ণ জুয়েলারি ওয়ার্কশপের কর্মচারী অজিত সরকারকে খুন করে ১০০ ভরি সোনা, এক হাজার ভরি রুপাসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল লুটে নেয় দুর্বৃত্তরা।