লুট হচ্ছে ঝড়ে ভেঙে পড়া গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরায় ঝড়ে ভেঙে পড়া বন বিভাগের গাছ লুটপাট করা হচ্ছে। বন বিভাগের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিদের নির্দেশে স্থানীয় জনগণ গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে।বন বিভাগ সূত্রে জানা গেছে, মনপুরা উপজেলায় বনভূমির পরিমাণ ৪০ শতাংশ। ১৯৯১ সালে উপজেলার ৪৫ কিলোমিটার সড়ক ও ১৪০ কিলোমিটার সংযোগ সড়কের দুই পাশে কয়েক লাখ গাছ লাগায় বন বিভাগ। গত বুধবারের ঝড়ে বিপুলসংখ্যক গাছ ভেঙে পড়ায় সড়কগুলো চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে।সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয় ব্যক্তিরা ভেঙে পড়া গাছ কেটে নিচ্ছে। উত্তর সাকুচিয়া হাজিরহাট সড়কের পাশে গাছ কাটছিলেন জলিল মাঝি, আবদুল লতিফ, মহাফেজ মাঝি, জুলফিকার আলী ও সবুর নামের পাঁচ শ্রমিক। গাছ কাটার কারণ জানতে চাইলে তাঁরা বলেন, ‘রাস্তা পরিষ্কার করতাছি।’ কিন্তু পরে দেখা গেল, গাছগুলো কেটে তাঁরা নিজ নিজ বাড়িতে নিয়ে যাচ্ছেন।মনপুরা উপজেলার পেছনে ডিসি সড়কে রুবেল নামের এক ব্যক্তির নেতৃত্বে একটি রেইনট্রিগাছ কাটছিলেন কয়েকজন শ্রমিক। তিনি জানান, তহশিলদার সাহেব গাছ কাটতে বলেছেন।বন বিভাগের মনপুরা রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম জানান, আওয়ামী লীগের স্থানীয় নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানেরা লোকজন দিয়ে ঝড়ে ভেঙে পড়া গাছগুলো কেটে নিয়ে যাচ্ছেন। ভাঙা গাছ ছাড়াও ভালো গাছও কাটা হচ্ছে। অন্যদিকে, গাছ কাটায় বাধা দিলে বন বিভাগের কর্মীদের মারধর করা হচ্ছে। এ ব্যাপারে তিনি মনপুরা থানায় অভিযোগ করেছেন। এ পর্যন্ত ৫০ হাজার ঘনফুট গাছ লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নজির আহমেদ মিয়া বন বিভাগের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে জানান, বন বিভাগের লোকজন সড়কে ভেঙে পড়া গাছ সরাচ্ছেন না। তাঁরা দেখে দেখে ভালো গাছগুলো বেচে দিচ্ছেন। বাধ্য হয়ে জনগণের চলাচলের সুবিধার জন্য স্থানীয় বাসিন্দাদের গাছ কাটতে বলা হয়েছে। তবে তারা গাছ নিয়ে যাচ্ছে না।মনপুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. অহিদুল ইসলাম জানান, বন বিভাগের লোকবল কম। অন্যদিকে সড়কও পরিষ্কার করা জরুরি। তাই স্থানীয় লোকজন গাছগুলো অপসারণ করছে। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, মনপুরা রেঞ্জ কর্মকর্তা বনকর্মীদের মারধর ও গাছ কেটে নেওয়ার বিষয়ে থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগে কারও নাম উল্লেখ করা হয়নি।ঝড়ে ক্ষতির তালিকা: ইউএনও মো. অহিদুল ইসলাম জানান, ঝড়ে প্রায় নয় হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আট হাজার ঘর, ৫০ হাজার গাছ ও প্রায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে, ডুবে গেছে এক হাজার নৌকা, মারা গেছে ৩০০ গবাদিপশু ও চার হাজার হাঁস-মুরগি। সব মিলিয়ে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।অহিদুল ইসলাম জানান, গত রোববার পর্যন্ত ক্ষতিগ্রস্তদের মধ্যে সরকারিভাবে পাঁচ লাখ টাকা ও পাঁচ মেট্রিক টন খাদ্য বিতরণ করা হয়েছে। এ ছাড়া রোববার রেড ক্রিসেন্ট তিন টন চিড়া ও দুই টন গুড় বিতরণ করেছে। তবে ত্রাণ আরও দরকার।