লুট হয়ে যাচ্ছে তাড়াইলের মাখরান বিলের মাছ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের মাখরান বিলের মাছ লুটপাট হয় যাচ্ছে। স্থানীয় প্রশাসন কোনো উদ্যোগ না নেওয়ায় বিলের চারপাশের কয়েকটি গ্রামের মানুষ মাছ লুট করছে।
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আক্তার জানান, জলমহালের ইজারা কার্যক্রমের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে। তবে অবৈধভাবে কোনো ব্যক্তি যাতে মাছ ধরতে না পারে, সে ব্যাপারে জেলা প্রশাসন থেকে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মাখরান বিলের ইজারাদার সুলতান মিয়া বলেন, ‘ইতিমধ্যে এ বিল ইজারা নেওয়া ও মাছ ছাড়া বাবদ প্রায় ৩৫ লাখ টাকা ব্যয় হয়েছে। কিন্তু আদালতের স্থগিতাদেশ থাকায় আমি কোনো কাজ করতে পারছি না। জেলা প্রশাসনে আবেদন করার পর কার্যকর কোনো ব্যবস্থাও কেউ নিচ্ছেন না। এ কারণে প্রতিদিন লাখ লাখ টাকার মাছ ধরে নিয়ে যাচ্ছে লোকজন।’
সরেজমিনে দেখা গেছে, বিলের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক লোক কোনা জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরছেন। কয়েকজনের সঙ্গে কথা বললেও তাঁরা নাম জানাতে চাননি এবং কেন মাছ ধরছেন, সে ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
প্রশাসন ও এলাকাবাসী সূত্র জানায়, জাওয়ার ইউনিয়নের বিলাসীপাড়া, চং জাওয়ার, বিড়ি জাওয়ার ও ইছাপশর মৌজায় বিস্তৃত ১৮৩ একরের জলমহাল মাখরান বিল। এটি ২০১২ সালের ৭ জুলাই বার্ষিক পাঁচ লাখ ৫২ হাজার টাকার বিনিময়ে ছয় বছরের জন্য (বঙ্গাব্দ ১৪১৯ থেকে ১৪২৪) ইজারা দেওয়া হয় জাওয়ার মাখরান বিল মৎস্যজীবী সমবায় সমিতিকে। সমিতির সভাপতি সুলতান মিয়া। একই বছরের ৬ আগস্ট ইজারার বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে উচ্চ আদালতে একটি রিট করেন গুবদিয়া মাখরান মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবদুল হালিম। আদালত ওই ইজারা ব্যবস্থাপনা কার্যক্রমের ওপর তিন মাসের জন্য স্থগিতাদেশ দেন। পরে কয়েক দফায় স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়।
গত ৫ নভেম্বর ইজারাদার সুলতান মিয়া অবৈধভাবে বিলের মাছ ধরা বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর রবীন্দ্র চাকমা ওই দিনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাড়াইল ইউএনওসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের লিখিত নির্দেশ দেন।
রবীন্দ্র চাকমা বলেন, বিষয়টি নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আবেদ হোসেনের সঙ্গে কথা হয়েছে। দু-এক দিনের মধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।