লুটপাটে সমানে সমান আ.লীগ-বিএনপি
জয়পুরহাটের কালাই উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির অনুকূলে নামে-বেনামে বরাদ্দ নিয়ে প্রায় পৌনে দুই কোটি টাকার খাদ্যশস্য ও অর্থের সিংহভাগই লুটপাট হয়েছে বলে অভিযোগ উঠেছে। জয়পুরহাট-২ আসনের বিএনপির সাংসদ গোলাম মোস্তফা ও সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগের সাংসদ শাহিন মনোয়ারা হকের অনুকূলে দেওয়া খাদ্যশস্য ও টাকা দলীয় নেতা-কর্মীরা আত্মসাৎ করেছেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানায়, ২০১০-১১ অর্থবছরে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর থেকে সাধারণ ও বিশেষ কাবিখ (কাজের বিনিময়ে খাদ্য) এবং টিআর কর্মসূচির আওতায় উপজেলায় ৩০৭ দশমিক ৬৩ মেট্রিক টন খাদ্যশস্য ও ৮৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। খাদ্যশস্যের সরকারি মূল্য প্রায় ৮০ লাখ ৫০ হাজার টাকা। সেই হিসেবে গোটা অর্থবছরে বরাদ্দ মিলেছে এক কোটি ৬৭ লাখ টাকা। এসব বরাদ্দের অনুকূলে ২৭৭টি প্রকল্প নেওয়া হয়।এলাকাবাসীর অভিযোগ ও সরেজমিনে জানা গেছে, উপজেলার পুনট ইউনিয়নের শান্তিনগর বাজারের এক কক্ষের একটি ঘরে শিশুদের প্রাইভেট পড়াতেন মামুনুর রশীদ নামে বিএনপির এক কর্মী। ঘরটিকে ‘শান্তিনগর এমআর (মামুন-রাবেয়া) মডার্ন চাইল্ড স্কুল’ নাম দেখিয়ে এক লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে সম্প্রতি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। মামুনুর রশীদ দাবি করেন, অনুমোদিত স্কুল না হলে সাংসদ বরাদ্দ দিতেন না। বরাদ্দের টাকায় ল্যাপটপ ও বেঞ্চ কেনা হয়েছে।চাঁনবিল-বাখড়া জলডারি সংযোগস্থল থেকে মহিষের ঘাট পর্যন্ত খাল পুনর্খনন নামে একটি প্রকল্পের অনুকূলে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুস সবুরকে ১৩ লাখ টাকা বরাদ্দ দেন সাংসদ গোলাম মোস্তফা। এলাকাবাসী জানান, গুরুত্বহীন ও অযৌক্তিক এ প্রকল্পে শ্রমিকদের দিয়ে চুক্তিভিত্তিক মাত্র দেড় লাখ টাকার মাটি কেটে বাকি টাকা আত্মসাৎ করেছেন আবদুস সবুর। তিনি দাবি করেন, যতটুকু মাটি কাটার কথা ছিল, তা-ই কাটা হয়েছে।সরকারি অর্থ বরাদ্দ নিতে হলে অনুমোদিত হওয়ার পাশাপাশি নিজস্ব জায়গা ও অবকাঠামো থাকা বাঞ্ছনীয় হলেও এ শর্ত লঙ্ঘন করে করমকা মৎস্যজীবী সমবায় সমিতির নামে ৪০ হাজার টাকা; কাটাহার নতুন কুঁড়ি সমাজকল্যাণ সংঘ, কালাই মহিলা জনকল্যাণ সমিতি ও কালাই ধাপ কৃষি সমবায় সমিতির নামে ২৮ হাজার করে এবং পুর গরিব উন্নয়ন সমাজসেবা সংস্থা ও সোনালি সকাল নামে দুটি এনজিওর নামে এক লাখ ১০ টাকা বরাদ্দ দিয়েছেন বিএনপিদলীয় সাংসদ।এদিকে সংরক্ষিত নারী সাংসদ শাহিন মনোয়ারা হকের দেওয়া কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির দুটি প্রকল্পে ১০ লাখ টাকার সিংহভাগই লুটপাট করেছেন জিন্দারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এই নেতা নাম মাত্র কাজ করে হাজীপুর গ্রামের হামচা পুকুর পুনর্খননে ৬ লাখ এবং জিন্দারপুরের চিল্লা পুকুর পুনর্খননের জন্য বরাদ্দকৃত ৪ লাখ টাকা লোপাট করেন। একই নেতা মোলামগাড়িহাট আদর্শ কলেজ নামে একটি নামসর্বস্ব শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূলে নারী সাংসদের কাছ থেকে এক লাখ ১০ হাজার টাকা বরাদ্দ নিয়ে আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ রয়েছে। তবে সাইফুল ইসলাম দাবি করেন, নিয়ম মেনেই কাজ করা হয়েছে। লুটপাটের অভিযোগ ঠিক নয়।কালাইয়ের পিআইও এ কে এম মান্নান ভুয়া ও নামসর্বস্ব প্রতিষ্ঠান বরাদ্দ পাওয়ার সত্যতা স্বীকার করলেও লুটপাট বা আত্মসাতের ঢালাও অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন। পিআইও বলেন, সাংসদেরা প্রকল্পের যে তালিকা দিয়েছেন, সে হিসেবেই বরাদ্দর আদেশ ছাড় দেওয়া হয়েছে। তবে প্রতিটি প্রকল্পের কাজ বুঝে নেওয়া হয়েছে। কারও কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ঠিক নয়।উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান বলেন, দুই সাংসদের তালিকাতেই বেশ কিছু ভুয়া ও নামসর্বস্ব্ব প্রতিষ্ঠান ছিল। এসব প্রকল্পে পুকুর চুরির ঘটনাও ঘটেছে।এ ব্যাপারে চেষ্টা করেও সাংসদ শাহিন মনোয়ারা হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য নেওয়া যায়নি। সাংসদ গোলাম মোস্তফা বলেন, নীতিমালা অনুসরণ করেই যোগ্য প্রতিষ্ঠানের অনুকূলে টিআর ও কাবিখার বরাদ্দ দেওয়া হয়েছে। কাজ সঠিকভাবে বুঝে নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদের। একই অর্থবছরে কোনো প্রতিষ্ঠানকে একাধিকবার বরাদ্দ দেওয়া যাবে না—এমনটা কোথাও লেখা নেই বলে দাবি করেন সাংসদ।