লুটপাটে সৃষ্ট ঘাটতি মেটাতে তেলের দাম বাড়ানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে সৃষ্ট অর্থনৈতিক ঘাটতি মেটাতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এর ফলে জনভোগান্তি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে।বিএনপির কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবিরের মুক্তির দাবিতে গতকাল শুক্রবার সকালে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এ সমাবেশ হয় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।সমাবেশে বক্তারা খায়রুল কবিরের মুক্তি দাবি করেন। সমাবেশ শেষে একটি মিছিল শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। নরসিংদী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের নেতা লোকমান হোসেন হত্যাকাণ্ডের পর পুলিশ খায়রুলকে গ্রেপ্তার করে।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, সরকার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি পাঁচ টাকা বাড়িয়েছে। আগের দিন অর্থমন্ত্রী বললেন সিএনজির দাম ডিজেলের সমান করা হবে। অথচ কালো ধোঁয়া নিয়ন্ত্রণ করার জন্যই সিএনজির দাম কম রাখা হয়েছিল। ডিজেল আর সিএনজির দাম এক করলে আবারও সেই কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হবে। তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে সরকারের টাকা আত্মসাতের খবর বিদেশের আকাশে ভেসে বেড়াচ্ছে। কোন মন্ত্রী কত টাকা বিদেশে পাচার করেছেন, কার বিদেশে বাড়ি আছে, তা এখন মানুষের মুখে মুখে।খায়রুল কবিরের মুক্তি দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, অন্যথায় গণ-আন্দোলনের মাধ্যমে তাঁকে মুক্ত করা হবে। তিনি বলেন, এ সরকার গ্রাম্য মোড়লের মতো জনগণের নামে মিথ্যা মামলা দিয়ে বেড়াচ্ছে।মির্জা ফখরুল বলেন, খায়রুল কবিরের গ্রেপ্তার সারা বিশ্বে হাস্যকর ব্যাপারে পরিণত হয়েছে। হত্যার অভিযোগ থেকে বিচারক তাঁকে খালাস দিয়েছেন। এরপর তাঁর নামে আরও দুটি মামলা দেওয়া হলো।স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খানের সভাপতিত্বে সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা বক্তব্য দেন।