লুটপাটের কারণে সড়কের নাজুক অবস্থা: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারের টাকা সরকারদলীয় নেতা-কর্মীরা লুটপাট করায় সড়ক-মহাসড়কগুলো এমন নাজুক অবস্থায় পৌঁছেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির আশঙ্কা, সড়ক মেরামতের জন্য তড়িঘড়ি করে দেওয়া ৬৯০ কোটি টাকাও দলীয় লুটেরাদের পকেটে চলে যাবে।গতকাল সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ ও আশঙ্কার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর দাবি, ‘দেশের সড়ক-মহাসড়কের এমন খারাপ অবস্থা ১৯৭১ সালেও ছিল না।’ মির্জা ফখরুল বলেন, ২০০৮-০৯ থেকে ২০১০-১১ অর্থবছর পর্যন্ত সড়কের মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ এক হাজার ৭৭৪ কোটি টাকা যথাযথভাবে ব্যয় করা হলে মহাসড়কগুলোর এমন খারাপ অবস্থা হতো না। দলীয় লুটেরা বাহিনী ওই অর্থ ভাগ-বাটোয়ারা করে নিয়েছে। ঈদের আগে বিধ্বস্ত সড়কের মেরামত শেষ হবে বলে যোগাযোগমন্ত্রীর আশ্বাসকে ‘মিথ্যা আশ্বাস’ বলে আখ্যায়িত করে মির্জা ফখরুল বলেন, ‘স্পট টেন্ডারের মাধ্যমে সড়কের সংস্কারকাজ করার মানে হলো, বিনা টেন্ডারে দলীয় লোকদের কাজ দেওয়া। এতে কাজের কাজ কিছু হবে না। নামমাত্র কাজ করে টাকা লুটপাট করে নিয়ে যাবে।’ অর্থ ও যোগাযোগমন্ত্রীর পরস্পরবিরোধী বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘যোগাযোগমন্ত্রীর প্রতি করুণা করা ছাড়া আমাদের আর কিছু বলার নেই। ইতিমধ্যে সংসদে ও কেবিনেটে তাঁর অযোগ্যতা প্রমাণিত হয়েছে। কিন্তু তার পরও তিনি স্বভাবসুলভ ভঙ্গিতে হাসি হাসি মুখে কথা বলছেন।’ মির্জা ফখরুল বলেন, মানুষ নিরাপদে বাড়ি গিয়ে ঈদ করতে পারবে কি না, তা নিয়ে শঙ্কা আছে। কিন্তু এ নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। তারা পদ্মা সেতু, উড়ালসেতু, পাতালরেলের মতো বড় প্রকল্পগুলো নিয়ে ব্যস্ত। কেননা, বড় প্রকল্প থেকে বড় অঙ্কের কমিশন পাওয়া যাবে। তাই এসব প্রকল্পের দিকে সরকারের নজর বেশি। মির্জা ফখরুল বলেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সুপারিশে ২০ হাজারেরও বেশি লোককে বিনা পরীক্ষায় ভারী যানবাহনের লাইসেন্স দেওয়া ‘ঠান্ডা মাথায় হত্যার লাইসেন্স দেওয়া’ ছাড়া আর কিছুই নয়।সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, রিজভী আহমেদ, সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান, আসাদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।