ক্ষমতাসীনদের বিরুদ্ধে ব্যাপক লুটপাটের অভিযোগ তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, এই সরকার গত সাড়ে তিন বছরে যত লুটপাট করেছে, তা থেকে কিছু অর্থ ফেরত দিলে পাঁচটা পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব।গতকাল সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এম কে আনোয়ার এই দাবি করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘আপনি ও আপনার পরিবারের সদস্যদের কত সম্পদ, জনগণ তা জানতে চায়। কোথা থেকে এসব এসেছে, তা-ও জানতে চায়।’‘দুর্নীতির রাহুগ্রাসে কলঙ্কিত বিচারব্যবস্থা, দলীয়করণে প্রশ্নবিদ্ধ আইনের শাসন ও বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ‘সুশীল ফোরাম’ নামের একটি সংগঠন।‘প্রয়োজনে এক বেলা খাব না’: এদিকে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক গতকাল অপর এক আলোচনা সভায় বলেছেন, পদ্মা সেতু নির্মাণে সরকারকে বিএনপি সহযোগিতা করবে। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘প্রয়োজনে আমরা এক বেলা খাব না, তবে এর আগে বিশ্বব্যাংক যে চিঠি দিয়েছে, তা প্রকাশ করুন।’ বিশ্বব্যাংকের চিঠিতে যাঁদের নামে ঘুষ নেওয়ার অভিযোগ করা হয়েছে, তাঁদের নাম প্রকাশ করার আহ্বান জানান তিনি।জাতীয় প্রেসক্লাবে ‘দুর্নীতি ও বর্তমান সরকার’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাসাস ঢাকা মহানগর উত্তর শাখা।