লুটপাটের ঘটনার তদন্ত করবে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী, অগ্রণী ও বেসিক ব্যাংকের টাকা লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চেয়েছে অনুমিত হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি এই তিন ব্যাংকের সার্বিক কর্মকাণ্ড পরীক্ষা-নিরীক্ষা করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে।
সংসদ ভবনে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত অনুমিত হিসাব কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে সোনালী, অগ্রণী ও বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির বিষয়ে বিভিন্ন তদন্ত প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। কমিটি জানতে চেয়েছে, তিন ব্যাংকের টাকা লুটের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বিক বিষয় তদন্তের জন্য সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুনকে আহ্বায়ক এবং আ খ ম জাহাঙ্গীর হোসাইন ও ফজলে নূর তাপসকে সদস্য করে একটি সংসদীয় উপকমিটি গঠন করা হয়।
জানতে চাইলে কমিটির সভাপতি আবদুল মতিন খসরু প্রথম আলোকে বলেন, ব্যাংক মানুষের কাছে আস্থার প্রতীক। তাঁদের টাকা যদি কেউ লুট করে নিয়ে যায়, সেই লুটেরাদের শায়েস্তা করার দায়িত্ব সরকারের। সে জন্যই এসব টাকা লুটের বিষয়ে সরকার কী ব্যবস্থা নিয়েছে, কমিটি তা অর্থ মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছে।
বৈঠকে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে কমিটি। কমিটি গত অর্থবছরের শেষ দুই মাসে কোন উপজেলায় কোন তারিখে কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, তা জানতে চেয়েছে।
আবদুল মতিন খসরু বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শেষ দুই মাসে তাঁরা প্রতি উপজেলায় ৭০-৮০ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছেন। কমিটি জানতে চেয়েছে, দুই মাসে নিয়মতান্ত্রিকভাবে দরপত্র আহ্বান করে প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব কি না? কর্মকর্তারা বলেছেন, সম্ভব নয়। আসলে এডিপির টাকা লুটপাট হচ্ছে। প্রতিবছর অর্থবছরের শেষ দুই মাসে এমনই লুটপাট হয়। সে জন্য কমিটি মন্ত্রণালয়কে তাদের প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত জানিয়ে প্রতিবেদন দিতে বলেছে।
আবদুল মতিন খসরুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য দবিরুল ইসলাম, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, এ বি তাজুল ইসলাম, সুকুমার রঞ্জন ঘোষ, ইউসুফ আবদুল্লাহ হারুন ও শাহানারা বেগম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।