বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, হাজার হাজার কোটি টাকা লুটপাট করার জন্যই প্রয়োজন না থাকা সত্ত্বেও নতুন বিমানবন্দর নির্মাণ করতে চাচ্ছে সরকার। দেশে আপাতত আর কোনো বিমানবন্দর নির্মাণের প্রয়োজন নেই। সরকার আমাদের কথায় নয়, জনবিস্ফোরণের কারণে আড়িয়ল বিলে বিমানবন্দর স্থাপনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। গতকাল শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ মণ্ডলপাড়া এলাকায় জাতীয়তাবাদী যুবদলের ঢাকা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার দেলোয়ার এসব কথা বলেন।যুবদলের ঢাকা বিভাগীয় সহসভাপতি সেলিমুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল আলম, জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার প্রমুখ। বিএনপির মহাসচিব বলেন, শুধু আড়িয়ল বিলে বিমানবন্দর স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি নয়, বেশ কয়েকটি ইস্যুতে বিএনপি ৭ ফেব্রুয়ারি সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব নেতা-কর্মীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ বিভিন্ন দাবিতেই এই হরতাল ডাকা হয়েছে।খোন্দকার দেলোয়ার বলেন, অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছে। এই সরকারকে যারা চক্রান্তের মাধ্যমে ক্ষমতায় এনেছে, দেশের স্বার্থ উপেক্ষা করে তাদের স্বার্থই রক্ষা করা হচ্ছে। একের পর এক গোপন চুক্তি করে দেশকে বিপদগ্রস্ত করা হচ্ছে। তাই গণতন্ত্রের লেবাসধারী এই স্বৈরাচারী সরকারের পতন ত্বরান্বিত করতে জাতীয়তাবাদী সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।এর আগে ১৭টি জেলা থেকে বাস ও ট্রাকে করে যুবদলের নেতা-কর্মীরা নারায়ণগঞ্জের সমাবেশে আসেন। এ ছাড়া নারায়ণগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা যোগ দেন সমাবেশে।