লুটপাটের টাকা ফিরিয়ে এনে শিক্ষা খাতে বিনিয়োগের দাবি
ব্যাংকিং খাতের লুটপাটের টাকা ফিরিয়ে এনে শিক্ষা খাতে কাজে লাগাতে পারলে শিক্ষাব্যবস্থার অনেক সংকটের সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘বাংলাদেশের শিক্ষা বাজেট: গতি প্রবণতা, বাস্তবতা ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে মন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এ সেমিনারের আয়োজন করে।
শিক্ষামন্ত্রী বলেন, যে অর্থ লুটপাটকারীরা চুরি করে চোখের সামনে থেকে নিয়ে গেল, ওই অর্থগুলো যদি নিয়ে এসে শিক্ষা খাতে দেওয়া যায়, তবে শিক্ষার বিরাট উন্নতি সাধিত হবে। অনেক মন্ত্রণালয় বরাদ্দের টাকা খরচ করতে পারে না। কিন্তু শিক্ষায় যত টাকাই দেওয়া হোক খরচ হবে। তিনি বলেন, যখনই শিক্ষা খাতে বিনিয়োগের কথা বলা হলো, তখনই অনেকে মুনাফার জন্য এখানে বিনিয়োগ শুরু করলেন। তাঁরা ভাবলেন, এটা বিনিয়োগের নতুন খাত। তাঁদের কেউ নির্ধারিত শর্ত পূরণ করে প্রতিষ্ঠান করেননি। যদিও পরবর্তী সময়ে অনেকেই পর্যায়ক্রমে শর্তগুলো পূরণ করেছেন। শিক্ষা খাতে বেসরকারি বিনিয়োগ করতে হবে জনকল্যাণের উদ্দেশ্যে। এতে দেশ ও জাতি উপকৃত হবে।
আয়োজক সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক আ ব ম ফারুকের সভাপতিত্বে সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ অ ম স আরেফিন সিদ্দিক, বিশ্ব শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম, কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার প্রমুখ বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক আজিজুর রহমান। মূল প্রবন্ধ পড়েন অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ।