লুটপাটের মামলায় হারিছ চৌধুরীসহ চারজন খালাস
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে সিলেটে ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে লুটপাটের অভিযোগে করা একটি মামলার রায়ে ছয় আসামির মধ্যে চারজনকে খালাস দিয়েছেন আদালত। খালাস পাওয়া আসামিদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী। অপর দুই আসামির মধ্যে একজনকে ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর একজনের মামলা উচ্চ আদালতের আদেশে স্থগিত আছে।
সিলেটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মোহাম্মদ আবু ওবাইদা গতকাল মঙ্গলবার এ রায় দেন। খালাসপ্রাপ্ত অন্য তিনজন হলেন বিএনপির কর্মী আহমদ মোস্তফা, আলতাফ উদ্দিন ও মামুনুর রশিদ। এই মামলার অপর আসামি হারিছ চৌধুরীর চাচাতো ভাই কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক চৌধুরীর মামলাটি উচ্চ আদালত স্থগিত করেছেন। মামলার অপর আসামি কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদ সোলাইমানকে ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি জামিনে আছেন।
মামলা সূত্রে জানা যায়, বিগত চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালে কানাইঘাটের লোভাছড়ার কামদানা এলাকায় ব্যবসায়ী আজির উদ্দিনের ব্যবসাপ্রতিষ্ঠানে দুই দফা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। ২০০৬ সালের ২৬ আগস্ট প্রথম দফা হামলায় দেড় লাখ টাকা ও ২ সেপ্টেম্বর দ্বিতীয় দফা হামলা করে সাড়ে পাঁচ লাখ টাকা লুটপাট করা হয়। রাজনৈতিক প্রভাবে এই হামলা হওয়ায় ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর আজির উদ্দিন ১৩ এপ্রিল এ ঘটনায় মামলা করেন। ওই বছরের ৫ আগস্ট কানাইঘাট থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল চক্রবর্তী তদন্ত করে হারিছ চৌধুরীসহ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।