লুটপাটের মামলায় ৩৭ জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় দ্রুত বিচার আইনে দায়ের একটি মামলায় ৩৭ জন আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার বিকেলে এ রায় দেন মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আব্বাস উদ্দিন।

মামলার রাষ্ট্রপক্ষে নিয়োজিত আইনজীবী মাহবুবুল আকবর প্রথম আলোকে এ খবর নিশ্চিত করেছেন।

মাহবুবুল আকবর বলেন, ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর দুপুরে মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালি গ্রামে নবাব মোল্লা নামের এক ব্যক্তির বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা ওই বাড়ি ভাঙচুর ও লুটপাটের পর আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনায় ওই বছরের ১০ অক্টোবর নবাব মোল্লার স্ত্রী কুলসুম বেগম বাদী হয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম-প্রথম আদালতে একই গ্রামের ৩৭ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন। পরবর্তী সময়ে মাগুরা সদর থানার উপপরিদর্শক মো. ইউসুফ আলী মামলাটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।