লুটের ২২ কোটি টাকা ফেরত চেয়ে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরুর আগেই ২২ কোটি টাকা লুটপাটের ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় মানুষ। মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে হাতে নেওয়া হয়েছে এ প্রকল্প।
গতকাল মঙ্গলবার বিকেলে প্রকল্প এলাকার মগডেইল বাজারে পাঁচ শতাধিক মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। লুটেরাদের কাছ থেকে ২২ কোটি টাকা অবিলম্বে ফেরত এনে তা সরকারি কোষাগারে জমা করা এবং তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের যোগ্য শাস্তির দাবি জানায় তারা।
এক দিন আগে প্রথম আলোয় প্রকাশিত এ-সংক্রান্ত খবর সমাবেশে পড়ে শোনানো হয়।
মাতারবাড়ীর মগবাজারে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা বলেন, শুরুতেই প্রকল্পের টাকা লুটপাটের ঘটনায় সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। লুটপাটের পেছনে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরাও জড়িত। প্রকল্পটি কার্যকর করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তাতে লুটেরাদের পাশাপাশি এই কর্মকর্তা-কর্মচারীরাও দায়ী থাকবেন।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, প্রকল্প এলাকায় এখনো কাজই শুরু হয়নি। তাই চিংড়িঘেরেরও কোনো ক্ষতি হয়নি। তার পরও ভুয়া কাগজ দিয়ে সিন্ডিকেট করে একটি চক্র ২২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এর তদন্ত হতে হবে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ, শিক্ষক নূর আহমদ, ব্যবসায়ী আহমদ মিয়া, মো. তাজেম উদ্দিন ও আবদুল মান্নান এবং চাষি নওশাদুল ইসলাম, আশেক মাহমুদ ও নুরুল আবছার।