সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের গোলটেবিল বৈঠক: প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে নারায়ণগঞ্জের মেয়র আইভীর প্রশ্ন
লুটেরা, না নিবেদিতপ্রাণ কর্মী - কোন পক্ষে যাবেন আপনি?

দলীয় প্রধানকেই ঠিক করতে হবে, যেসব সন্ত্রাসী ও লুটেরা দলকে ডোবাবে, তাদের প্রশ্রয় দেবেন; নাকি নিবেদিতপ্রাণ কর্মীদের পক্ষে অবস্থান নেবেন। যারা দলের দুঃসময়ে ভারতে বা কানাডায় পালিয়ে যায়, তাদের পক্ষে, না আমার মতো অসংখ্য কর্মী যারা দলের জন্য প্রাণ দিতে প্রস্তুত, তাদের পক্ষে থাকবেন।’প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে উদ্দেশ করে এ প্রশ্ন ছুড়েছেন নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। নারায়ণগঞ্জের কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার চার মাস পার হওয়া উপলক্ষে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ ‘ত্বকী হত্যার বিচারে রাষ্ট্রের নির্লিপ্ততা ও গণতন্ত্রের সংকট’ শিরোনামে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।মেয়র আইভী বলেন, নারায়ণগঞ্জের একটি পরিবার নিজেদের স্বার্থে দলকে (আওয়ামী লীগ) বিতর্কিত করছে। তিনি আরও বলেন, ‘যে শামীম ওসমান সন্ত্রাস ও চাঁদাবাজি করছে, দল কেন তাকে প্রশ্রয় দেবে? পক্ষ নেবে? তাদের বোঝা কেন দলকে বয়ে বেড়াতে হবে?’আইভী বলেন, ‘নারায়ণগঞ্জের ৯৯ ভাগ মানুষ, প্রতিটি ধূলিকণা, যে শীতলক্ষ্যা নদীতে ত্বকীর লাশ পাওয়া গিয়েছিল, সেই নদীও জানে, কে ত্বকীর হত্যাকারী। অথচ রাষ্ট্রের নিয়োগপ্রাপ্ত প্রশাসন জানে না। আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানাব, অবিলম্বে ত্বকী হত্যার আসামি শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাই নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমানকে গ্রেপ্তার করতে তাঁরা যেন প্রশাসনকে নির্দেশ দেন।’ আইভী আরও বলেন, ‘তাদের যদি গ্রেপ্তার না করা হয়, তাহলে নারায়ণগঞ্জের মানুষ চুপ করে বসে থাকবে না।’আইভী বলেন, ‘আওয়ামী লীগের কয়েকজন নেতা আছেন, যাঁরা ঢাকায় বসে টাকা খেয়ে শামীম ওসমানের পক্ষে কথা বলেন। এই নেতাদের জন্য আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’ নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিরুদ্ধেও টাকা খেয়ে শামীম ওসমানের পক্ষে কাজ করার অভিযোগ আনেন তিনি। আইভীর বক্তব্যে উঠে আসে সিটি করপোরেশনের নির্বাচন প্রসঙ্গ। বললেন, পাঁচটি সিটি করপোরেশনে পরাজিত দলীয় প্রার্থীরা ব্যাপক কাজ করেছিলেন। তাঁরা মানুষ হিসেবে অনেক ভালো। কিন্তু দলের ভাবমূর্তির জন্য তাঁদের হারতে হয়েছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে ভালোবেসে দলীয় আদর্শের রাজনীতি করি। কিন্তু আমাদের মূল্যায়ন করা হয় না।’
বৈঠকের সব আলোচকের বক্তব্যে ছিল কিশোর ত্বকীর হত্যাকারীদের প্রতি তীব্র ঘৃণা। ঘটনার চার মাসেও অপরাধীদের চিহ্নিত করে বিচারের সম্মুখীন করতে না পারায় ক্ষোভ জানান তাঁরা।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা দেখছি, রাষ্ট্র সন্ত্রাসীদের নির্মূল করছে না, প্রশ্রয় দিচ্ছে। রাষ্ট্র কাউকে নিরাপত্তা দিচ্ছে না। এত কিছুর মধ্যেও আশার কথা হচ্ছে, এসব ঘটনার প্রতিবাদ হচ্ছে। রাষ্ট্রকে মানবিক করতে হলে আমাদের সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখতে হবে।’ অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘দেশে যদি আইনের শাসন না থাকে, তাহলে গণতন্ত্র থাকে না।’ ত্বকী হত্যার ব্যাপারে উপযুক্ত তদন্ত করে অবিলম্বে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।মুক্তিযুদ্ধের প্রতি কোনো রকম শ্রদ্ধাবোধ যদি থাকে, তবে ত্বকী হত্যার বিচার করবেন।’ সরকারের প্রতি এই আহ্বান জানান প্রবীণ বাম নেতা অজয় রায়। গণ-ঐক্যের আহ্বায়ক পংকজ ভট্টাচার্য বলেন, পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ নানা অনিয়মের বিরুদ্ধে। গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি। তিনি বলেন, কেবল কয়েকজন যুদ্ধাপরাধীর বিচার করলেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে না। তিনি বলেন, ‘কয়েকটি সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে বাস্তবতা প্রমাণিত হয়েছে। সরকারের পৃষ্ঠপোষকতায় যেসব গডফাদার আছে, তাদের গ্রেপ্তার করতে হবে। নয়তো সিটি করপোরেশনের ফলাফলের মতো জাতীয় নির্বাচনেও একই পরিণতি হবে।’ আলোচনায় অংশ নিয়ে সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটির সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক মালেকা বেগম বলেন, ত্বকী এখন প্রতীকে পরিণত হয়েছে। ত্বকী নিহত হয়েছে। কিন্তু লিমন বেঁচে থেকে প্রতিদিন মারা যাচ্ছে। রাষ্ট্রযন্ত্র কীভাবে সন্ত্রাস করে, এটা হচ্ছে তার নমুনা। এখানে মানবাধিকারকে হত্যা করা হচ্ছে।’ তিনি নারী সমাজের পক্ষ থেকে ত্বকী হত্যার বিচার দাবি করেন।
নির্বাচনের আগে ত্বকী হত্যার বিচার না হলে জনগণ সরকারকে উচিত শিক্ষা দেবে বলে বক্তব্য দেন অধ্যাপক এম এম আকাশ। অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ত্বকী হত্যার মামলায় তদন্তহীনতা ও বিচারহীনতার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে শামীম ওসমানরা এর সঙ্গে জড়িত। গোলটেবিল বৈঠকে মূল বক্তব্যে ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ বলেন, ত্বকী হত্যার পর গত চার মাসে নারায়ণগঞ্জে কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে। মেধাবী কিশোর রাসেলকে দিনের বেলায় শত শত মানুষের সামনে হত্যা করা হয়েছে, ষষ্ঠ শ্রেণীর ছাত্র ইমনকে নয় টুকরা করে হত্যা করা হয়েছে, কিশোর পোশাকশ্রমিক রানাকে হত্যা করা হয়েছে। কিন্তু একটি হত্যাকাণ্ডেরও বিচার পায়নি তাদের পরিবার। বৈঠকে আরও আলোচনা করেন অধ্যাপক কামাল আতাউর রহমান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতা রাজেকুজ্জামান রতন, গণতান্ত্রিক বাম মোর্চার আহ্বায়ক জোনায়েদ সাকী প্রমুখ।