লুণ্ঠনতন্ত্রই মানুষ পোড়ানোর রাজনীতির জন্ম দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মানুষ পুড়িয়ে মারার রাজনীতি ও লুটপাটের রাজনীতির অবসান’ ও ‘গণতান্ত্রিক সংবিধানের’ দাবিতে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছেন লেখক-শিল্পী-সংস্কৃতিকর্মী-শ্রমিক-পেশাজীবীরা।
সমাবেশে বক্তারা বলেন, প্রধান দুই রাজনৈতিক জোট দেশে লুণ্ঠনের জমিদারি কায়েম করেছে। একদল ক্ষমতায় টিকে থাকতে একতরফা নির্বাচনের আয়োজন করেছে। আরেক জোট ক্ষমতায় যেতে দেশ অচল করার কর্মসূচি দিয়েছে। জোট-মহাজোটের ক্ষমতা কুক্ষিগত করে রাখার লুণ্ঠনতন্ত্রই মানুষ পুড়িয়ে মারার রাজনীতির জন্ম দিয়েছে। বক্তারা মনে করেন, জনগণের গণতান্ত্রিক সংবিধান ছাড়া বর্তমান সংকট নিরসন অসম্ভব।
লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, দেশ আজ দুটি ধারায় বিভক্ত হয়ে পড়েছে। একদিকে বিএনপি-আওয়ামী লীগ-জামায়াত-জাতীয় পার্টি, আরেক দিকে ১৬ কোটি মানুষ। তিনি বলেন, দেশের রাজনীতির ভবিষ্যৎ আজ দূতাবাসে বসে বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিরা এসে ঠিক করছেন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আজ স্বৈরাচারমুক্ত দিবস। কিন্তু স্বৈরতান্ত্রিক ব্যবস্থার প্রতীক এরশাদ এখনো দেশের ক্ষমতায় কে যাবে, তা নির্ধারণে প্রধান ভূমিকা পালন করছেন।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সরকার যদি পরিস্থিতি সামলাতে না পেরে জরুরি অবস্থা জারি করে, তাহলে তা কারও জন্যই ভালো ফলাফল বয়ে আনবে না।