লুণ্ঠিত সম্পদ ফিরিয়ে আনা এবং জব্দ করা সম্পদের যথাযথ ব্যবস্থা করতে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)।দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে গ্রুপ অব টোয়েন্টির (জি-২০) শীর্ষ সম্মেলনের আগে শতাধিক দেশের টিআইয়ের সদস্যরা গত বুধবার এই আহ্বান জানান। চলতি সপ্তাহের শেষের দিকে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।লুণ্ঠিত বা জব্দ করা সম্পদ উদ্ধারের জন্য কোনো তথ্য চাওয়া হলে দ্রুত সে তথ্য দেওয়া এবং অর্থ পাচার রোধে কঠোর আইন করতে বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।টিআইয়ের বাংলাদেশ শাখার নির্বাহী পরিচালক এবং ইন্টারন্যাশনাল বোর্ড অব ডিরেক্টরসের সদস্য ইফতেখারুজ্জামান বলেন, ‘যেসব দেশে বা আর্থিক প্রতিষ্ঠানে লুণ্ঠিত ও জব্দ করা সম্পদ আছে, আমরা তাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে উন্নয়নশীল দেশগুলোর এ ধরনের দুর্নীতির বিরুদ্ধে তারা সততা ও স্বচ্ছতার সঙ্গে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে তা মেনে নেওয়া যাবে না।’ তিনি আরও বলেন, ‘এ ধরনের ব্যর্থতা থেকে এটাই প্রমাণিত হবে যে উন্নয়নশীল দেশগুলোতে দুর্নীতির পেছনে তারাও ভূমিকা রাখছে।’ বিজ্ঞপ্তি।