লুণ্ঠিত টাকার অংশ উদ্ধার, গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির জয়পুরহাট জেলা ডিপোর লুণ্ঠিত ৬৬ লাখ টাকার মধ্যে ১৫ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করেছে সদর থানার পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মান্নান এ তথ্য দেন। এ সময় গ্রেপ্তার হওয়াদের মধ্যে পাঁচজনকে এবং উদ্ধার হওয়া টাকা সাংবাদিকদের সামনে আনা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত বছরের ২১ ডিসেম্বর দিবাগত রাতে শহরতলির ধানমন্ডি এলাকায় প্রধান সড়কের পাশে একটি বাসায় অবস্থিত ব্রিটিশ আমেরিকান ডিপোর নৈশপ্রহরী আবুল কালাম আজাদকে (৫৭) শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা ডিপোর ৬৬ লাখ ৩২ হাজার ১৭৯ টাকা লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় মামলা হয়।
পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে পুলিশ। এরপর ঘটনার মূল পরিকল্পনাকারী ডাকাত ময়েনউদ্দিনকে (৫২) গ্রেপ্তার করা হয়। তিনি জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার পশ্চিম আমুট্ট পাড়ার বাসিন্দা। ময়েনউদ্দিনের স্বীকারোক্তি মোতাবেক খুলনার হারিখালী গ্রামের মিজান (৪৮), যশোরের মনিরামপুর উপজেলার জামজামি গ্রামের সিরাজ বাউল (৩৫), ঝালকাঠির রাজাপুর উপজেলার ফরিদ হোসেন (৪০) ও বেলায়েত হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, ময়েজউদ্দিন ছাড়াও অন্য চারজনের কাছ থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদশৃক (তদন্ত) খায়রুল বাশার বলেন, ময়েনউদ্দিনের তৃতীয় স্ত্রী রিনা বেগমের কাছ থেকে ডিপোর লুণ্ঠিত ১২ হাজার ৭০০ টাকার একটি বান্ডেল উদ্ধার করা হয়। ওই টাকার বান্ডেলে ডিপোর কর্মকর্তার সই ছিল। রিনা পুলিশকে জানিয়েছে, তাঁর স্বামী তাঁকে বাজার খরচের জন্য ওই টাকা দিয়ে চলে গেছেন। বাশার আরও জানান, এই মামলায় ময়েনউদ্দিনের স্ত্রী রিনা ও আজিজুল ইসলাম নামের এক ব্যক্তিকে আগেই গ্রেপ্তার করা হয়েছে।