লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের ছাতিপট্টি এলাকায় গয়নার দোকানের লুণ্ঠিত সোনা উদ্ধারের দাবিতে গতকাল সোমবার ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। তাঁরা আগামী তিন দিনের মধ্যে আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
গতকাল সোমবারও বেলা দুইটা পর্যন্ত ছাতিপট্টি এলাকার সব দোকানপাট বন্ধ রাখা হয়।
জানা যায়, গতকাল বেলা ১১টায় ছাতিপট্টি এলাকা থেকে মিছিল নিয়ে ব্যবসায়ীরা স্মারকলিপি দিতে যান জেলা প্রশাসকের কার্যালয়ে। ওই সময়ে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি মো. তোফাজ্জল হোসেন মিয়া তাঁর দপ্তর থেকে ভবনের নিচে নেমে এসে স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বক্তব্য দেন।
স্মারকলিপি পেশের সময় উপস্থিত ছিলেন জেলা দোকান মালিক সমিতির সভাপতি সানাউল হক, সাধারণ সম্পাদক আতিক উল্যাহ, জেলা জুয়েলারি মালিক সমিতির সহসভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল আলম, জানাব খান জুয়েলার্সের মালিক কাবুল খান প্রমুখ।