লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করতে গিয়ে ছাতক থানার পুলিশের তিন সদস্য সিলেটের একটি বিপণিবিতানের স্বর্ণ ব্যবসায়ীদের হাতে প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। পরে পুলিশ ও সিলেট সিটি করপোরেশনের মেয়র ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করেন। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। অবরুদ্ধ থাকা পুলিশ সদস্যরা হলেন সুনামগঞ্জের ছাতক থানার উপপরিদর্শক (এসআই) হারুন-উর-রশিদ, কনস্টেবল তৌহিদ ও সিলেট কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোহেল রানা।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত ১১ মার্চ ছাতক শহরের লাকি কমিউনিটি সেন্টারের মালিক শাহনেওয়াজের বাসায় ডাকাতি হয়। এ ঘটনায় রায়হান ও দুলাল নামের দুই ব্যক্তি গ্রেপ্তার হন। গ্রেপ্তারকৃতরা জানান, ডাকাতি করা স্বর্ণালংকারগুলো তাঁরা সিলেটের বন্দরবাজারের রহমান ম্যানশনের শাপলা জুয়েলার্সে বিক্রি করেছেন। গতকাল দুপুরে রায়হান ও দুলালকে সঙ্গে নিয়ে ঘটনা তদন্তে শাপলা জুয়েলার্সে যান ছাতক থানার এসআই হারুন-উর-রশিদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সিলেট কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির এসআই সোহেল রানা। ডাকাতদের লুণ্ঠিত স্বর্ণ ক্রয়ের ব্যাপারে জুয়েলার্সের কর্মচারী তারেককে জিজ্ঞেস করলে স্বর্ণ ব্যবসায়ীরা খেপে যান। তাঁরা একত্র হয়ে পুলিশ সদস্যদের মার্কেট থেকে বের করে দেন। পরে তাঁরা বন্দরবাজার হকার পয়েন্ট অবরোধ করে বিক্ষোভ করেন।খবর পেয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান এসে ব্যবসায়ীদের বুঝিয়ে অবরোধ তোলেন। তিনি পুলিশ ও ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে মেয়র মার্কেটের ব্যবসায়ীদের স্বর্ণ ক্রয়ের আগে যাচাই-বাছাই এবং লুণ্ঠিত স্বর্ণ উদ্ধারে পুলিশকে সহযোগিতা করার নির্দেশ দেন। এসআই হারুন বলেন, তাঁরা প্রায় দেড় ঘণ্টা স্বর্ণ ব্যবসায়ীদের হাতে অনেকটা অবরুদ্ধ ছিলেন। একপর্যায়ে ব্যবসায়ীরা তাঁদের শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করলে সিটি করপোরেশনের মেয়র ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ কর্মকর্তারাও ঘটনাস্থলে আসেন। শেষে সমঝোতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এ ব্যাপারে রহমান ম্যানশন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল করিম বলেন, পুলিশের সঙ্গে ভুল বোঝাবুঝির ফলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।