লুন্দির ‘হ্যালো ব্যবসা’ চলছেই
ডাকাত শহীদের নাম করে টেলিফোনে চাঁদাবাজির অভিযোগে গত বুধবার রাতে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের মধ্যে দুজন সারা দেশে টেলিফোনে চাঁদাবাজির জন্য কুখ্যাত মাদারীপুরের রাজৈর উপজেলার লুন্দি গ্রামের বাসিন্দা।গতকাল বৃহস্পতিবার বিকেলে র্যাব-৩-এর টিকাটুলীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়। র্যাবের কর্মকর্তারা জানান, লুন্দির স্থানীয় ভাষায় টেলিফোনে চাঁদাবাজিকে বলে ‘হ্যালো ব্যবসা’। এই লুন্দির লোকেরা এখন ছড়িয়ে পড়েছে সারা দেশে।র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মামুন মাহমুদ ফিরোজ চৌধুরী বলেন, লুন্দি গ্রামের শতকরা ৮০ ভাগ মানুষ এই অপরাধে জড়িত। সেখানকার স্কুলবালক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন বয়স ও স্তরের মানুষ শীর্ষস্থানীয় অপরাধীদের নাম ভাঙিয়ে টেলিফোনে চাঁদাবাজি করে থাকে। লুন্দি গ্রামে একাধিকবার অভিযান চালিয়ে অনেককে গ্রেপ্তার করেও তা বন্ধ করা যায়নি। এক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল মামুন বলেন, লুন্দিতে সাতটি তালিকাভুক্ত চাঁদাবাজ চক্র সক্রিয় রয়েছে।র্যাব-৩-এর অধিনায়ক জানান, কয়েক দিন আগে ডাকাত শহীদ পরিচয়ে হাসান আলী নামের একজনের কাছে টেলিফোনে ১২ লাখ টাকা চাঁদা চায় একটি চক্র। শেষে ৪০ হাজারে রফা হয়। বুধবার মধ্যরাতে সেই টাকা হস্তান্তরের সময় মালিবাগ থেকে হাতেনাতে র্যাব চারজনকে ধরে ফেলে। র্যাব বলেছে, এ সময় গুলিবিনিময়ে একজন আহত হয়। আহতাবস্থায় গ্রেপ্তার হন আনিসুর রহমান বাবুল (২৬)। তিনি এর আগেও র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বাড়ি লুন্দিতে। এ ছাড়া আরও গ্রেপ্তার হয়েছেন লুন্দির বাসিন্দা কাজী গোলাম মাওলা শাহীন, ঢাকার স্কুলছাত্র রানা (১৫) ও মানিক (১৮)।সংবাদ সম্মেলনে অভিযুক্ত লোকজনকেও সাংবাদিকদের সামনে হাজির করা হয়।এ ছাড়া পৃথক তিনটি অভিযানে র্যাব গতকাল এক হাজার ১০০ বোতল ফেনসিডিল ও ৪০০ ইয়াবা বড়ি উদ্ধার করেছে। এসব বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তারা গ্রেপ্তার করেছে নয়জনকে।