লুপ্ত ধানের রক্ষক ইউসুফ মোল্লার গ্রামে নবান্ন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলকুমারী বিলের জলজ খাদ্যবৈচিত্র্য, বিলুপ্তপ্রায় ৪৫ ধানসহ ২৫০ দেশি জাতের ধান, বিভিন্ন প্রকার শাক প্রদর্শনী, বাউলগান, কৃষিভিত্তিক ছড়া আবৃত্তি, পিঠাপুলি আপ্যায়নের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বরেন্দ্র অঞ্চলের নিভৃত গ্রাম রাজশাহীর তানোরের দুবইল গ্রামে নবান্ন উৎসবের আয়োজন করা হয়।
এ গ্রামের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘লুপ্ত ধানের রক্ষক’ কৃষক ইউসুফ মোল্লার বীজ ব্যাংক ও পরিবেশবাদী উন্নয়ন সংস্থা বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজের (বারসিক) উদ্যোগে আয়োজিত উৎসবে চাঁপাইনবাবগঞ্জের নাচোল, নওগাঁর মান্দা, রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলায় জৈব কৃষি সম্প্রসারণে উদ্যোক্তা কৃষক, তানোরের সাহিত্য পরিষদের নেতারা ও গ্রামের কিষান-কিষানিরা অংশ নেন।
তানোরের ইউএনও শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সভাপতি আকরাম হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন তানোরের সহকারী কমিশনার (ভূমি) নিলুফার ইয়াসমিন। বক্তব্য দেন বিএমডিএর সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম প্রমুখ।
আকরাম হোসেন চৌধুরী বলেন, ‘বরেন্দ্র অঞ্চলে পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। প্রচুর পানি খরচ করে বোরো ধান চাষে আমাদের সতর্ক হতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশি জাতের ধান চাষের পৃষ্ঠপোষকতা করতে হবে। পরিবেশ ছাড়া কৃষি হবে না।’ বিলুপ্তপ্রায় ধানগুলো রক্ষার জন্য ইউসুফ মোল্লাসহ অন্য কৃষকদের তিনি ধন্যবাদ জানান।
উৎসবের প্রদর্শনীতে বিলকুমারী বিলের জলজ ফল শিঙাড়া, লিখার, শালুক, ঢ্যাপ, ঘেটু, পদ্ম, শাপলা, শাকের মধ্যে শুনশুনি, গিমা, ধানশিষা, খোকসা, তেলাকুচাসহ ২০ প্রজাতির অচাষকৃত শাক ও লুপ্ত ধানের মধ্যে রাঁধুনিপাগল, ঝিঙ্গাশাইল, দুধসর, জামাই সোহাগী, নারী পারিজাত, পিঁপড়ার চোখ, সোনামুখী, সোনাকাঠি, সাদাবোরা, কালাবোরাসহ ৪৫ প্রজাতির লুপ্ত ধান ও ২০০ শতাধিক প্রজাতির দেশি ধানের প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বাউলসংগীত পরিবেশন করেন তানোরের নূর মোহাম্মদ। কৃষি ছড়া আবৃত্তি করেন আফাজ উদ্দীন কবিরাজ। অতিথিদের লুপ্তপ্রায় ৩১ প্রকার ধানের পুরোনো চালের ভাত ও বিভিন্ন প্রকার পিঠাপুলি দিয়ে আপ্যায়ন করা হয়।