লুপ্ত ধানের রক্ষকের কাছে ভিড় করছেন কৃষকেরা
লুপ্ত ধানের রক্ষক ইউসুফ মোল্লার আবাদ করা বিলুপ্তপ্রায় ধানের প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে বরেন্দ্র অঞ্চলের কৃষকদের। বিশেষ করে ‘রাঁধুনী পাগল’ ধানের বীজ সংগ্রহের জন্য তাঁর বাড়িতে কৃষকেরা ভিড় করছেন। এ ছাড়া দাদকানি, বাদশাভোগ ও চিনি শংকর ধানের বীজও চাইছেন তাঁরা।
১৬ নভেম্বর রাজশাহীর তানোর উপজেলার দুবইল গ্রামে গিয়ে দেখা যায়, চাঁপাইনবাগঞ্জের নাচোল উপজেলার বরেন্দ্রা গ্রামের কৃষক মুনসুর রহমান, নুরুল ইসলাম, জাহিদুল ইসলাম, আশরাফুল আলম ও আনিসুর রহমান এসেছেন ইউসুফ মোল্লার ধানখেত দেখতে।
বরেন্দ্রা গ্রামের কৃষকেরা জানান, তাঁরা গত বছরই ইউসুফ মোল্লার কাছ থেকে ‘রাঁধুনী পাগল’ ধানের বীজ নিয়ে আবাদ করেছিলেন। এবার সরেজমিনে দেখতে এসেছেন। এবার তাঁরা লুপ্ত ধানের রক্ষকের কাছ থেকে দাদকানি, বাদশাভোগ, চিনি শংকর ধানের বীজ নিতে আগ্রহী।
গত ১৬ মার্চ ‘লুপ্ত ধানের রক্ষক’ শিরোনামে বরেন্দ্র অঞ্চলের নিভৃত গ্রাম দুবইলের ইউসুফ মোল্লাকে নিয়ে প্রথম আলোতে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। এরই সূত্র ধরে পরিবেশ অধিদপ্তর ইউসুফ মোল্লাকে জাতীয় পরিবেশ পদক প্রদান করে। গত ৫ জুন প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করেন এ কৃষক। এসব সংবাদ প্রথম আলোয় প্রকাশের পর ইউসুফ মোল্লার পুরোনো ধানগুলোর প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি হয়।
বরেন্দ্র অঞ্চলের উপযোগী পুরোনো এসব ধানের বৈশিষ্ট্য হচ্ছে রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই আবাদ করা যায়। সেচও লাগে কম। পুরোনো এসব ধানের বীজ ছড়িয়ে দিতে এবার ইউসুফ মোল্লা জমি বন্দোবস্ত নিয়ে রাঁধুনী পাগল, দাদকানি, বাদশাভোগ ও চিনি শংকরের বেশি করে চাষ করেছেন। এ ছাড়া আরও ৪০ প্রজাতির বিলুপ্তপ্রায় ধানের বীজ সংরক্ষণেও কাজ করে চলেছেন তিনি।
রাঁধুনী পাগল ধান সম্পর্কে ইউসুফ মোল্লা বলেন, এর ভাত রান্নার সময়ই মিষ্টি গন্ধে আশপাশের মানুষ উতলা হয়ে ওঠে। তাই তখন রাঁধুনীর অবস্থা বিবেচনা করেই হয়তো এর নাম হয়েছে রাঁধুনী পাগল। প্রায় ৩০ বছর আগেই বরেন্দ্র অঞ্চলের এ ধান বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু তিনি অল্প আবাদ করে রক্ষা করে চলেছেন এর বীজ।