লুফথানসা কর্মকর্তার বিমানবন্দর পরিদর্শন
জার্মানির বিমান সংস্থা লুফথানসা এয়ারলাইনসের একজন নিরাপত্তা কর্মকর্তা গতকাল বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন। তিনি কার্গো ব্যবস্থাপনার নিরাপত্তা নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, লুফথানসা এয়ারলাইনসের সিঙ্গাপুর কার্যালয় থেকে তাদের এভিয়েশন সিকিউরিটি ম্যানেজার (কার্গো) ডেভিড মান গতকাল সকালে শাহজালাল বিমানবন্দরে আসেন। তিনি প্রথমে বেবিচক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর এখানকার কার্গো ভিলেজ, পণ্য স্ক্রিনিংসহ নিরাপত্তা ব্যবস্থাপনা ঘুরে দেখেন। পরে কার্গো ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এ বিষয়ে বেবিচক বা বিমানের কোনো কর্মকর্তা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে কার্গো ভিলেজ পরিদর্শনের সময় ডেভিড মানের সঙ্গে ছিলেন এমন একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, লুফথানসার এই কর্মকর্তা সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। এ সময় ডেভিড মান জানিয়েছেন যে জার্মানির গোয়েন্দারা এভিয়েশন নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশকে উচ্চ ঝুঁকির দেশ হিসেবে শ্রেণিভুক্ত করেছেন। তাই বাংলাদেশ থেকে আকাশপথে সরাসরি পণ্য পরিবহন (কার্গো) বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। পরিদর্শন শেষে তিনি এ বিষয়ে তাঁর কর্তৃপক্ষকে প্রতিবেদন দেবেন।
লুফথানসা এয়ারলাইনস ঢাকা থেকে জার্মানিতে সরাসরি পণ্য পরিবহন বন্ধ করে দেয় গত রোববার। এর আগে গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া ও মার্চে যুক্তরাজ্য বাংলাদেশ থেকে আকাশপথে কার্গো পাঠানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে। পরে যুক্তরাজ্যের পরামর্শে বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা জোরদার, বিশেষ করে কার্গো স্ক্রিনিং আন্তর্জাতিক মানে নেওয়ার লক্ষ্যে ওই দেশের বেসরকারি প্রতিষ্ঠান রেডলাইনকে পরামর্শক নিয়োগ করা হয়। রেডলাইনের ৩২ জন কর্মী কার্গো স্ক্রিনিং, যাত্রীদের নিরাপত্তা তল্লাশিসহ নিরাপত্তা ব্যবস্থাপনা দেখাশোনার পাশাপাশি এখানকার কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছেন।