মিরপুরের বিসিআইসি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী যমজ দুই বোনের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া লুৎফর রহমানকে গতকাল শনিবার কারাগারে পাঠানো হয়েছে। তবে যমজ দুই বোনকে উত্ত্যক্ত ও মারধরের ঘটনায় করা মামলার মূল আসামি বখাটে জীবন করিম ঘটনার তিন দিনেও গ্রেপ্তার হয়নি।
শাহ আলী থানার পুলিশ জানায়, যমজ দুই বোনের ওপর হামলার ঘটনায় করা মামলায় লুৎফর রহমান ওরফে বাবুকে গ্রেপ্তার করে গত বুধবার এক দিনের রিমান্ডে নেয় পুলিশ। তিনি বখাটে জীবন করিমের বন্ধু। গতকাল রিমান্ড শেষে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) অনুজ কুমার সরকার গতকাল প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে লুৎফর বলেছে, যমজ দুই বোনকে উত্ত্যক্ত ও হামলার সময় জীবন করিমের সঙ্গে তার আরও দুই বন্ধু ছিল। তারা জীবনের পক্ষ নিয়ে বিসিআইসি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করে। তাদের ঠিকানা পাওয়া গেছে। জীবন করিমসহ তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিসিআইসি কলেজের একজন শিক্ষক গতকাল বলেন, জীবন করিমসহ বখাটেরা গ্রেপ্তার না হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাঁরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
গত বুধবার ছুটির পর বাসায় ফেরার জন্য কলেজের সামনে বাসের অপেক্ষায় থাকা দুই বোন প্রথমে উত্ত্যক্তের শিকার হয়। এর প্রতিবাদ করায় বখাটে জীবন করিম তাদের মারধর করেন ও বাঁশ দিয়ে পেটায়। এতে এক বোনের বাঁ পা ভেঙে যায়, অন্যজন গুরুতর আহত হয়।