মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হওয়া যশোরের কেশবপুরের লুৎফর মোড়লকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল সোমবার এ আদেশ দেন।
গত ১২ মে যশোরের সাবেক সাংসদ সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় লুৎফরসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এর পরিপ্রেক্ষিতে রোববার কেশবপুরের পরচক্রা গ্রামের মৃত জয়নাল মোড়লের ছেলে লুৎফর রহমান মোড়লকে (৭০) তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে রাতেই ঢাকায় পাঠানো হয়।
গতকাল সকালে অসুস্থ লুৎফরকে আসামির কাঠগড়ায় হাজির করে পুলিশ। ট্রাইব্যুনাল কারাগারে পাঠিয়ে তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
গত ২৭ জুলাই এ মামলায় সাখাওয়াতসহ ১২ আসামির মধ্যে নয়জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। বাকি তিনজনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। অভিযোগ আমলে নেওয়া নয়জন আসামির মধ্যে সাখাওয়াতসহ তিনজন বর্তমানে কারাগারে আছেন। রাষ্ট্রপক্ষ জানায়, বাকিদের গ্রেপ্তারের বিষয়ে কাল বুধবার কেশবপুর পুলিশকে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করতে হবে।