লুৎফুজ্জামান বাবর ফের ৫ দিনের রিমান্ডে
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় আটক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আবারও পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ নিয়ে বাবরকে দুবার রিমান্ডে নেওয়া হলো।গতকাল রোববার বিকেলে ব্যাপক পুলিশি নিরাপত্তায় লুৎফুজ্জামান বাবরকে হবিগঞ্জ মুখ্য বিচারিক আদালতে হাজির করা হয় রিমান্ড শুনানির জন্য। এর আগে গত বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম হবিগঞ্জ মুখ্য বিচারিক আদালত-২-এ লুৎফুজ্জামান বাবরের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনে তদন্তকারী কর্মকর্তা বলেন, আসামি বাবরকে আগে জিজ্ঞাসাবাদে মামলার তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। পাশাপাশি এ মামলার অন্যতম আসামি মিজানুর রহমান মিঠুকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মামলার আরও তথ্য উদ্ঘাটনে আসামি বাবরকে আরও ১০ দিনের রিমান্ডের প্রয়োজন। হাকিম শামছুল ইসলাম গতকাল শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।১১ ফেব্রুয়ারি লুৎফুজ্জামান বাবরকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। এ মামলার অপর আসামি মিজানুর রহমান মিঠু বর্তমানে রিমান্ডে রয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, কিবরিয়া হক্যাকাণ্ডের আরও তথ্য উদ্ঘাটনে আসামি মিঠু ও বাবরকে সামনাসামনি জিজ্ঞাসাবাদ করা হবে।