লে. কমান্ডার মিজানকে জেরা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা মামলায় ডিজিএফআইয়ের জঙ্গি দমনসংক্রান্ত ব্যুরোর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মিজানুর রহমানকে গতকাল সোমবার পাঁচ আসামির পক্ষে জেরা শেষ হয়েছে। একই দিন আরও ২৫ জন আসামির পক্ষে তাঁদের আইনজীবীরা এ সাক্ষীকে জেরা করতে অস্বীকৃতি (ডিকলাইন) জানান।

বাকি আসামিদের পক্ষে জেরার জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১।

সাক্ষী মিজানুর রহমানকে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মাওলানা শেখ আবদুস সালাম, হাফেজ ইয়াহিয়া, মাওলানা শেখ ফরিদ, মাওলানা সাব্বির আহমেদ ও লস্কর-ই-তাইয়েবার সদস্য আবদুল মাজেদ বাট ওরফে ইউসুফ বাটের পক্ষে জেরা করেন তাঁদের আইনজীবী তারা মিয়া।

আসামিপক্ষের আইনজীবী জেরায় সাক্ষী মিজানুর রহমানকে বলেন, আপনি সাক্ষ্যে বলেছেন, সেফ হোমে মাওলানা তাজউদ্দিন ও আবদুস সালামের সঙ্গে বৈঠক করে লেফটেনেন্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ার্দার, লেফটেনেন্ট কর্নেল আফজাল নাছের ভূঁইয়া ও মেজর জেনারেল এ টি এম আমিন চলে যান। আপনার এ বক্তব্য সঠিক নয়।

সাক্ষী: সঠিক।

আইনজীবী: কত তারিখে ওই বৈঠক হয়েছিল?

সাক্ষী: তা মনে নেই।

আইনজীবী: সাক্ষ্য না দিলে আপনাকে আসামি করা হবে, এই ভয়ে আপনি আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন।

সাক্ষী: এটা সত্য নয়।

আইনজীবী: ডিজিএফআইয়ের সেফ হোমে মাওলানা তাজউদ্দিন ও মাওলানা শেখ আবদুস সালামকে জিজ্ঞাসাবাদের সময় আপনিও উপস্থিত ছিলেন।

সাক্ষী: সত্য নয়। আমি ওই সময় সেফ হোমের বাইরে ছিলাম।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহায়তা করেন আইনজীবী আবু আবদুল্লাহ ভূঁইয়া ও আকরাম উদ্দিন।

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মিজানুর রহমান এর আগে গত ৬ জুন আদালতে সাক্ষ্য দেন।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। তাতে ২২ জন নিহত এবং শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী আহত হন।