লেক বাঁচলে পরিবেশ বাঁচবে গুলশানের
গুলশান লেকের পরিবেশ রক্ষা পেলে গুলশান মডেল টাউনের সার্বিক পরিবেশ রক্ষা পাবে। তাই গুলশান লেকে পয়োবর্জ্য আসার পথ রুদ্ধ করে সংস্কারের মাধ্যমে লেকের পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
গতকাল শনিবার সকালে গুলশান লেক পার্কে গুলশান সোসাইটি আয়োজিত সভা ও সংবাদ সম্মেলনে এই অভিমত ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের শুরুতে লেক বাঁচানোর আহ্বানে সংগীত পরিবেশিত হয়।
সোসাইটির সভাপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মূল বক্তব্যে তিনি বলেন, ডিওএইচএস-বারিধারা, বারিধারা-গুলশান ও বনানীর কিছুর অংশের পয়োনিষ্কাশনের জন্য পয়োব্যবস্থা আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এ জন্য লেকের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। কারণ, তীরবর্তী আবাসিক এলাকার সমস্ত পয়োবর্জ্য নিষ্কাশনের বাহন হিসেবে এই লেকটি ব্যবহৃত হচ্ছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ১ হাজার ৬০০ কোটি টাকার লেক উন্নয়ন পরিকল্পনা করলেও সেখানে দূষণমুক্ত করার কোনো ব্যবস্থা রাখা হয়নি। পরিবেশ অধিদপ্তরের পরামর্শ ও ঢাকা ওয়াসার পরিকল্পনা থাকা সত্ত্বেও লেক রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সোসাইটির মহাসচিব ওমর সাদাত বলেন, গুলশান লেক তথা গুলশান রক্ষায় যে উদ্যোগ নেওয়া হচ্ছে, নিয়মিত তদারকি না থাকলে ফলপ্রসূ সমাধান আসবে না।
সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘আমরা জানি লেক কেন দূষিত, কিন্তু আমরা তা মানি না। নিজেরা সচেতন হলেই লেক রক্ষা পাবে।’ প্রবীণ সদস্য রাশেদ চৌধুরী বলেন, ‘গুলশান লেককে লেক না বলে খাল বলাই ভালো। আমাদের দায়িত্ব একে আবার লেকে পরিণত করা।’