লেকচার ও নিউটনের প্রকাশিত নিষিদ্ধ নোট-গাইড উদ্ধার
পুরান ঢাকায় অভিযান চালিয়ে লেকচার ও নিউটন নামে দুটি প্রকাশনীর বিপুল পরিমাণ নিষিদ্ধ নোট-গাইড বই উদ্ধার করেছে গোয়েন্দা সংস্থা সিআইডি। গাইডগুলোর বেশির ভাগই সপ্তম ও অষ্টম শ্রেণীর। ১৯৮০ সালের আইন এবং পরবর্তীকালে আদালতের রায় অনুযায়ী এগুলো নিষিদ্ধ। কিন্তু অসাধু প্রকাশকেরা নোট-গাইড নাম পরিবর্তন করে অনুশীলন বা ভিন্ন নামে এগুলো তৈরি ও বিক্রি করছেন।গতকাল সোমবার বিকেলে সূত্রাপুর ও গেন্ডারিয়া থানার দুটি বাঁধাই প্রতিষ্ঠান থেকে এসব নোট-গাইড বই উদ্ধার করা হয়। ওই প্রতিষ্ঠান দুটি লেকচার ও নিউটনের গাইড বাঁধাই করছিল। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে দুটি।এ প্রসঙ্গে বাঁধাইকারকেরা বলছেন, প্রকাশনী সংস্থা দুটি তাঁদের নাম ব্যবহার করে নিষিদ্ধ বই প্রকাশ করেছে। এ জন্য বাঁধাইকারকেরা দায়ী নন।অভিযানের নেতৃত্ব দেওয়া সিআইডির সহকারী পুলিশ কমিশনার সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এই দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় বাঁধাই করা প্রায় আট হাজার নোট-গাইড ও বাঁধাই ছাড়া আরও বিপুল পরিমাণ (প্রায় দুই ট্রাকে রাখার মতো) নোট-গাইড উদ্ধার করা হয়। এ সময় শমসের, নওশাদ জাহান ও ইব্রাহিম নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ওই কর্মকর্তা আরও জানান, উদ্ধার করা গাইডের নমুনা নিয়ে বাকিগুলো থানার জিম্মায় দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন অনুযায়ী প্রকাশনা সংস্থার মালিকেরাও এই মামলায় আসামি হবেন। সূত্রমতে, অভিযানের খবর পেয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এক কর্মকর্তাও সেখানে যান। আইন ও আদালতের রায় অনুযায়ী, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত গাইড ও নোটবই নিষিদ্ধ। এ পর্যায়ে নোট ও গাইড বই মুদ্রণ, বাঁধাই, প্রকাশনা ও বিক্রয় দণ্ডণীয় অপরাধ। কিন্তু আইন-আদালত অমান্য করে একশ্রেণীর অসাধু প্রকাশক ও ব্যবসায়ী এগুলো ছেপে তা বাজারে বিক্রি করছেন। খোদ শিক্ষক নেতারাও টাকার বিনিময়ে এসব নিষিদ্ধ গাইড বিক্রিতে সহায়তা করছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে গত রোববার প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়।