লেকসিটি আবাসন প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেকসিটি আবাসন প্রকল্পের উন্নয়নে চট্টগ্রাম সিটি করপোরেশনের পাহাড় কাটার প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তর। এ জন্য গতকাল সোমবার সন্ধ্যায় এ প্রকল্পের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অধিদপ্তর। একই সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষও (চউক)। গতকাল চউক ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা চট্টগ্রাম নগরের ফয়’স লেকের পেছনে অবস্থিত এই প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জাফর আলম প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন লেকসিটি আবাসন প্রকল্প এলাকায় অনুমোদনের বাইরে পাহাড় কেটেছে। তাই তাদের কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। পরবর্তী অনুমোদন না দেওয়া পর্যন্ত এই কাজ বন্ধ থাকবে।
জাফর আলম জানান, সিটি করপোরেশন আবাসন প্রকল্প এলাকায় অবস্থিত পাহাড়গুলোর কিছু কিছু অংশ কেটেছে। করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ড্রেনেজ ব্যবস্থার জন্য এই পাহাড় কাটা হয়েছে। কিন্তু প্রকল্প এলাকায় পাহাড় কাটার কোনো অনুমোদন দেওয়া হয়নি।
চউকের অথোরাইজেশন কর্মকর্তা মোহাম্মদ মনজুর হাসান জানান, চউকের পক্ষ থেকে পাহাড়ের বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখাসহ কিছু শর্ত সাপেক্ষে প্রকল্পের নকশা অনুমোদন দেওয়া হয়। কিন্তু এর ব্যত্যয় হওয়ায় করপোরেশনকে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রথম আলোকে বলেন, ‘বিকেল পাঁচটা পর্যন্ত কার্যালয়ে থাকা অবস্থায় পরিবেশ অধিদপ্তরের কোনো নির্দেশনা পাইনি।’ গত শুক্রবার প্রথম আলোয় ‘চট্টগ্রামে পাহাড় কাটছে সিটি করপোরেশন!’ শীর্ষক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, এ প্রকল্পের আয়তন ২৪ দশমিক ৪১ একর। ২০০৩ সালে এই জায়গা কেনে করপোরেশন।