নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের পাঁচ নম্বর সেক্টরের লেক থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনাস্থল গতকাল মঙ্গলবার দুপুরে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক রাব্বী মিয়া। এ সময় জেলা প্রশাসক দ্রুত লেকের পানি সেচে সেখানে তল্লাশি চালানোর নির্দেশ দেন রূপগঞ্জ উপজেলা প্রশাসনকে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, বহুল আলোচিত পূর্বাচলের লেক শুকিয়ে দেখা হবে আরও অস্ত্র ও গোলাবারুদ আছে কি না। এখন দ্রুত পানি নিষ্কাশন করা খুবই গুরুত্বপূর্ণ। তাই আরও বেশি সেচযন্ত্র বসিয়ে পানি নিষ্কাশন করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যত দ্রুত সম্ভব পানি নিষ্কাশন করে লেকে তল্লাশি চালানো হবে। তল্লাশি শেষে অভিযান সমাপ্ত করা হবে। তিনি আরও বলেন, এই লেক সেচে তল্লাশি চালিয়ে যদি পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হয়, অন্য লেকে অস্ত্র থাকতে পারে, তবে ওই লেকগুলোও সেচে তল্লাশি চালানো হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণেই উদ্ধার হয়েছে। নারায়ণগঞ্জে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর আগেই একের পর এক জঙ্গি আইনের আওতায় আসছে। তাই নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় অনেক ভালো।