লেখক চক্রের রজতজয়ন্তী
বগুড়া লেখক চক্রের দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। সারা দেশ থেকে কবি-সাহিত্যিকেরা উৎসবে যোগ দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে নয়টায় পৌর উদ্যান চত্বরে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। বেলা ১০টায় বগুড়া উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দুই দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন কবি মাকিদ হায়দার ও বিনিয়োগ বোর্ডের পরিচালক কবি আমিনুল ইসলাম। উদ্বোধনী পর্বে বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আমির খসরু।
এ বছর উৎসবের বগুড়া লেখক চক্র ছয়জনকে স্বীকৃতি পুরস্কার দেয়। এঁরা হলেন কবিতায় মাকিদ হায়দার, কথাসাহিত্যিক রফিকুর রশীদ, লিটল ম্যাগাজিন সম্পাদনায় সরকার আজিজ, প্রকাশনায় ইত্যাদি গ্রন্থ প্রকাশ, সাংবাদিকতায় প্রদীপ ভট্টাচার্য্য এবং সাংগঠনিক কর্মকাণ্ডের জন্য জি এম সজল।