
নিউইয়র্কে বক্তারা এক অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশকে যারা পেছনে নিয়ে যেতে চায়, যারা মুক্তবুদ্ধি ও মুক্তচিন্তার পথ রুদ্ধ করে দিতে চায়, তারাই একের পর এক নারকীয় হত্যায় মেতে উঠেছে। প্রকাশক দীপনসহ মুক্তমনা লেখক হত্যার এই ঘটনা স্বাধীন বাংলাদেশের এক অন্ধকার অধ্যায়। একের পর এক হত্যাকাণ্ডের পরও হত্যাকারীদের দমন করতে না পারার ব্যর্থতা সরকারের। অবিলম্বে এসব হত্যাকারীকে খুঁজে বের করা সরকারের দায়িত্ব।
গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসনহাইটসের ডাইভারসিটি প্লাজায় এক প্রতিবাদ সমাবেশে বক্তাদের বক্তব্যে এসব কথা উঠে আসে। নিউইয়র্কের বাঙালি নাগরিক সমাজের ডাকে এ প্রতিবাদ সমাবেশ হয়। আলো হাতে নিয়ে তাঁরা শোভাযাত্রা করেন।
সমাবেশে প্রবাসের সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীরা যোগ দেন। বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মুহাম্মদুল্লাহ, হাসান আল আব্দুল্লাহ, মুজাহীদ আনসারী, মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহফুজুর রহামান, গোপাল, রাজীব আহসান, তফাজ্জল টুটুল, মনিজা রহমান প্রমুখ।
বক্তারা বলেন, একদিকে সরকারের ব্যর্থতা, আরেক দিকে সামাজিক নির্লিপ্ততা, বাংলাদেশ ক্রমে ভীতিকর জনপদ হয়ে উঠছে।
জঙ্গিবাদবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, গ্রাম থেকে নগর পর্যন্ত জঙ্গিবাদ এবং রক্ষণশীলতার বিরুদ্ধে প্রচারে নামতে হবে। দীর্ঘদিন নানান আশ্রয় প্রশ্রয়ে বেড়ে উঠা জঙ্গিরা আজ আর নীরব ঘাতক নয়। এরা ঘোষণা দিয়ে তালিকা করে হত্যাকাণ্ড চালাচ্ছে। রাষ্ট্রযন্ত্র এবং সমাজ এসব হত্যাকারীর কাছে আত্মসমর্পণ করতে পারে না।