লেখক-প্রকাশক হত্যার বিচার দাবি ৩৮ বুদ্ধিজীবীর
লেখক ও প্রকাশক হত্যায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করে গতকাল মঙ্গলবার ৩৮ জন বুদ্ধিজীবী যৌথ বিবৃতি দিয়েছেন। সংবাদমাধ্যমে পাঠানো কামাল লোহানী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘অপরাধীদের খুঁজে বের করে বিচার না করার কারণে হত্যাকারীরা উৎসাহিত হচ্ছে।’
বিবৃতিতে বলা হয়, ‘বর্তমান সময়ে সংঘটিত প্রকাশক ও লেখকদের হত্যা দেশজুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে। মুক্তবুদ্ধির জাগরণকে রুদ্ধ করতে সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠী একের পর এক এ ধরনের হত্যা চালিয়ে যাচ্ছে। গত এক বছরে পাঁচজন লেখককে নৃশংসভাবে হত্যা করা হলেও সরকার এখন পর্যন্ত একটি হত্যাকাণ্ডেরও বিচার করতে পারেনি। অপরাধীদের খুঁজে বের করে বিচার না করার কারণে হত্যাকারীরা উৎসাহিত হচ্ছে। যেসব অপরাধীকে ধরা হয়েছে, তারাও জামিনে ছাড়া পেয়ে আবারও তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। সরকারের এরূপ উদাসীনতা মুক্তবুদ্ধির মানুষদের হতাশ করেছে। সেই সঙ্গে জনগণের নিরাপত্তার অধিকার খর্ব করা হয়েছে। জনমনে হতাশা ও আতঙ্কের সৃষ্টি হচ্ছে।
‘দেশকে অসাম্প্রদায়িক প্রগতিশীল ধারায় এগিয়ে নিতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। প্রতিটি নাগরিকের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের ওপরই বর্তায়। সরকারের ঊর্ধ্বতন মহল থেকে খুনিদের আইনের আওতায় আনার বদলে লেখকদের সংযত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, খুনিদের চেয়েও বেশি অপরাধ হচ্ছে লেখালেখি করা। আমরা এ অবস্থাকে কোনোভাবেই মেনে নিতে পারি না।
‘সরকার ও তার গোয়েন্দা সংস্থার ব্যর্থতার দায়ভার জনগণ মেনে নিতে পারে না। তাই সরকারের প্রতি দাবি জানাচ্ছি, অবিলম্বে প্রতিটি লেখক-প্রকাশকের হত্যার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত খুঁজে বের করে শাস্তির আওতায় এনে জনমনে স্বস্তি নিশ্চিত করতে হবে।
‘আমরা মনে করি, তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা সংবিধান স্বীকৃত ব্যক্তি স্বাধীনতা ও মত প্রকাশের মৌলিক অধিকারের পরিপন্থী। একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে এ ধরনের কালাকানুন থাকতে পারে না। অবিলম্বে ৫৭ ধারা বাতিল করতে হবে।’
বিবৃতিদাতাদের মধ্যে আছেন আহমেদ রফিক, প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, কামাল লোহানী, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক যতীন সরকার, ড. অজয় রায়, হাসান আজিজুল হক, সৈয়দ হাসান ইমাম, শাহরিয়ার কবির, রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, বেগম মুশতারী শফি, ড. অনুপম সেন, অধ্যাপক মাহফুজা খানম, সেলিনা হোসেন, অধ্যাপক কাজী মদিনা, মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক আনু মুহাম্মদ, আবুল মোমেন, লায়লা হাসান, সুজেয় শ্যাম প্রমুখ।