বাংলাদেশে এ পর্যন্ত লেখক, প্রকাশক, ব্লগার, মানবাধিকারকর্মীসহ অন্তত নয়জনকে হত্যার ঘটনায় একটি তদন্ত কমিশন গঠনের জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) প্রতি আহ্বান জানিয়েছে পেন আমেরিকাসহ মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে কাজ করা ১৬টি সংগঠন।
এক যৌথ বিবৃতিতে গত মঙ্গলবার ইউএনএইচআরসিকে এ বিষয়ে উদ্যোগ নিতে বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনগুলো।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও ধারণার স্বাধীনতার উন্নয়নে কাজ করা সংগঠনগুলো বাংলাদেশে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলকে সহায়তা করার জন্য সরকারগুলোর প্রতি আহ্বান জানাই।’ এতে বলা হয়, লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী, ব্লগার হত্যার ঘটনা ছাড়াও বাংলাদেশে আরও অনেকে তাঁদের জীবন-জীবিকা নিয়ে হুমকির সম্মুখীন। সরকারের তরফে সুরক্ষা না পেয়ে তাঁরা ভীতির মধ্যে কাটাচ্ছেন।
বিবৃতিতে বলা হয়, ক্রমবর্ধমান হুমকি ও গত মাসেই চার খুনের ঘটনা এটাই তুলে ধরছে, ন্যায়বিচার নিশ্চিত করা ও ভবিষ্যৎ হামলা প্রতিরোধে সরকার ব্যর্থ। তাই জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের তরফ থেকে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের আহ্বান জানানো হচ্ছে। বিবৃতি প্রকাশের পাশাপাশি পেন-এর ওয়েবসাইটে উল্লেখ করা হয়, গত ডিসেম্বরে পেন আমেরিকা ও বিভিন্ন সংগঠন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে চিঠিতে হুমকির মুখে থাকা বাংলাদেশি লেখকদের মানবিক কারণে আশ্রয়দানের বিষয় বিবেচনার আহ্বান জানায়।
ওয়েবসাইটে আরও বলা হয়, বাংলাদেশে ‘সেক্যুলার বুদ্ধিজীবীদের’ ওপর রক্তক্ষয়ী হামলার ঘটনা ব্যাপকভাবে বেড়ে গেছে ও হামলাকারীরা প্রায় পুরোপুরি দায়মুক্তি পেয়ে যাচ্ছে।
যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী সংগঠনগুলো হলো পেন আমেরিকা, আমেরিকান অ্যাসোসিয়েশন অব পাবলিশার্স, ইন্টারন্যাশনাল ফ্রিডম টু পাবলিশ কমিটি, কানাডিয়ান জার্নালিস্টস ফর ফ্রি এক্সপ্রেশন, সেন্টার ফর ইনকোয়ারি, সিটি অব অ্যাসাইলাম পিটসবার্গ, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস, ইংলিশ পেন, ইউরোপিয়ান হিউম্যানিস্ট ফেডারেশন, ফ্রিডম হাউস, ফ্রিমিউস, হেগ পিস প্রজেক্টস, হিউম্যান রাইটস ফার্স্ট, ইনডেক্স অন সেন্সরশিপ, ইন্টারন্যাশনাল হিউম্যানিস্ট অ্যান্ড এথিক্যাল ইউনিয়ন, ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট ও পেন বাংলাদেশ।