লেখকসহ ১৩ জনের জামিন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার গয়েশপুর গ্রামের বাসিন্দা নাট্যকার মো. আবদুল হামিদসহ ১৩ জন গতকাল বৃহস্পতিবার জামিন পেয়েছেন। গত শনিবার সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে আবদুল হামিদের লেখা পাপড়ি ছড়ানো ঘর নাটকটি মঞ্চস্থ করার সময় পুলিশ অশ্লীলতার অভিযোগে তা পণ্ড করে দেয়। এ সময় পুলিশের ওপর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে ২০টি ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। পরে শনিবার পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে নাট্যকার আবদুল হামিদসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ জনের বিরুদ্ধে একটি মামলা করে। এ ঘটনার পর গয়েশপুর গ্রামের লোকজনের মধ্যে গ্রেপ্তার-আতঙ্ক বিরাজ করলে অনেকেই বাড়িঘর ছেড়ে পালিয়ে যান।
গতকাল নাট্যকারসহ অভিযুক্ত ব্যক্তিরা ময়মনসিংহের ৪ নম্বর আমলি আদালতের হাকিম ফারজানা ইয়াসমীনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। পরে আদালতে তাঁদের জামিন মঞ্জুর করেন।
এ ব্যাপারে নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর হোসেন শনিবার মুঠোফোনে বলেছিলেন, এলাকার লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ নাটকটি বন্ধ করে দিয়েছিল। তবে আয়োজকেরা পুলিশের ওই দাবি অস্বীকার করেছেন।