সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, ‘মুক্তমনা লেখক ও প্রকাশকদের হত্যা করে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। মানবাধিকার, গণতন্ত্র, বাক্স্বাধীনতা ও নিরাপত্তা আমাদেরই রক্ষা করতে হবে।’
পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় রাজনীতিবিদ ও পেশাজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিশিষ্ট এ মানবাধিকার কর্মী ও আইনজীবী এ কথা বলেন।
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘স্বাধীনতার পর আমাদের আশ্রয়ে-প্রশ্রয়ে স্বাধীনতাবিরোধীরা শক্তিশালী হয়ে এখন আঘাত করছে। শিক্ষা, ব্যবসা ও চাকরিতে তারা পুনর্বাসিত হয়েছে। উগ্র মৌলবাদী চক্রের কারণে ’৫২ ও ’৭১-এর চেতনা নস্যাৎ হচ্ছে বারবার।’
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, বেসরকারি সংগঠন নজরুল স্মৃতি সংসদের (এনএসএস) নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না প্রমুখ।
এর আগে গতকাল সকালে বরগুনার আমতলী উপজেলা পরিষদ মাঠে বাল্যবিবাহ ও পারিবারিক নির্যাতন প্রতিরোধবিষয়ক ‘চেঞ্জ মেকারস’ সমাবেশে বক্তব্য দেন সুলতানা কামাল। সেখানে তিনি বলেন, ‘ভালো মানুষেরা চুপ করে থাকলে দু-একজন দুষ্ট লোকসমাজের অনেক ক্ষতি করে ফেলতে পারে। তাই আর চুপ করে থাকা যাবে না, দেশকে ভালোবাসলে দেশের স্বাধীনতাও রক্ষা করতে হবে।...আজ দেশে মুক্তমনের লোক খুন হচ্ছে, আমরা তাঁদের রক্ষা করতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা।’
সমাবেশে বাল্যবিবাহের ব্যাপকতা সম্পর্কে সুলতানা কামাল বলেন, ‘শতকরা হারের দিক থেকে এশিয়ায় আমরা প্রথম এবং বিশ্বে তৃতীয় অবস্থানে আছি। এই অবস্থা থেকে আমাদের ফিরে আসতে হবে। এ জন্য আমরা যে যেখানে যে অবস্থায় আছি, সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।’
মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাসান ঝন্টু, আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান প্রমুখ।