লেখা খালেদার, ড্রাফট চমৎকার

প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, জিএসপি সুবিধা বাতিল করার অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্রের পত্রিকায় খালেদা জিয়া নিবন্ধ লিখেছেন। এর চেয়ে দুঃখের আর লজ্জার কিছু হতে পারে না। তবে শেখ হাসিনা আজ খালেদা জিয়ার বক্তব্যের প্রশংসা করে বলেন, ‘ড্রাফটটা চমত্কার হয়েছে। বোঝা যায় একটি টিম এই ড্রাফট করেছে...’। মাগরিবের নামাজের বিরতির আগে শেষ পর্যায়ে তিনি বলেন, ওয়াশিংটন টাইমস এ লেখা নিবন্ধ ও খালেদা জিয়ার আজকের বক্তৃতায় মিল রয়েছে। শেখ হাসিনা যখন সংসদে ওই নিবন্ধ থেকে অংশবিশেষ পড়ে শোনাচ্ছিলেন তখন বিরোধীদলীয় নেতারা হইচই করতে থাকেন এবং নিবন্ধটি খালেদা জিয়ার নয় বলে দাবি করতে থাকেন। শেখ হাসিনা বলেন, ‘না বললে তো চলবে না। আর্টিকেলের ১২ জায়গায় আমার নাম লিখে, আমার বিরুদ্ধে কথা বলা হয়েছে। আমার বিরুদ্ধে বলেন কিন্তু দেশের মানুষের বিরুদ্ধে কেন? আপনি লিখতেই পারেন। আপনার ছেলেকে দিয়ে ২০০৪ সালে আমার ওপর গ্রেনেড হামলা করিয়েছিলেন’।
সংসদ নেতা আরো বলেন, ‘যখন বিএনপি ক্ষমতায় ছিল ইইউতে চিংড়ি রপ্তানি বন্ধ হয়েছিল জালিয়াতির জন্য। আমরা জিএসপি রক্ষা করি। ইউরোপে চুক্তি করি। নিজে যাই। অস্ত্র ছাড়া ইইউ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ডিউটি ফি কোটা পাই। আমেরিকা ২০০৭ সাল থেকে নোটিশ দিচ্ছে। আমরা তো ঠেকিয়ে রেখেছি। আমরা শ্রমিকদের উন্নয়নে সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিএনপি আমলে গার্মেন্টস শ্রমিকের বেতন ছিল ১৫০০ থেকে ১৬০০টাকা। আমরা সরকারে আসার পর গার্মেন্টস শ্রমিকের বেতন ৮২ ভাগ বৃদ্ধি করেছি। সব সরকারি কর্মকর্তা কর্মচারিদের বেতন বাড়িয়েছি। বিএনপি পাঁচ বছর ক্ষমতায় ছিল। যখন আমরা ক্ষমতায় আসি তখন মূল্যস্ফীতি ছিল ১১ ভাগ, চালের দাম ৩৮ থেকে ৪০ টাকা, ৩০ লক্ষ মেটন খাদ্য ঘাটতি। আমরা এসে ২৮ টাকায় চাল দিচ্ছি, আমরা খাদ্য উত্পাদন বৃদ্ধি করেছি। এই জিএসপি বন্ধ করার জন্য বিরোধিদলীয় নেতা ওয়াশিংটন টাইমস নামে একটি পত্রিকায় লিখেন, যার মালিক ইহুদি। খালেদা জিয়া ওই নিবন্ধে সব ধরনের অর্থনৈতিক কর্মকান্ডে নিষেধাজ্ঞা আরোপের কথা বলেন। এটা দুঃখের কথা, লজ্জার কথা’।
তথ্য সন্ত্রাস হচ্ছে
শাপলা চত্ত্বরে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করেছে বলে দাবি করেছেন সংসদ নেতা । তিনি বলেন, হেফাজতের সমাবেশে মাদ্রাসার ছোটো ছোটো শিশুদের ব্যবহার করা হয়েছে। বলা হয়েছিল বড় হুজুরের বয়ান হবে। তাদের ফেলে সবাই চলে গেছে। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তাদের বাস টার্মিনালে, ট্রেন স্ট্রেশনে, লঞ্চঘাটে পৌঁছে দিয়েছে। জিন্সের ওপর আলখাল্লা পরা লোকজন পুলিশ হত্যা করেছে। বিরোধীদলীয় নেতা তাঁদের থেকে যেতে বলেছিলেন, ঢাকাবাসীকে তাঁদের পাশে থাকতে বলেছিলেন। ঢাকাবাসী থাকেনি। বিরোধী দলীয় নেতার খুব দুঃখ। কারণ হেফাজতের ঘাড়ে বন্দুক রেখে ক্ষমতা দখল করতে পারেননি। তারা নিহতের সংখ্যা আড়াই-তিনহাজার বলেছে। অথচ সারারাত টিভি চ্যানেলগুলো ওই রাতের অভিযান সম্প্রচার করেছে। আমার দেশ, অধিকার, বিএনপি-জামায়াত তথ্য সন্ত্রাস করেছে। এক পত্রিকার সম্পাদক, যিনি আবার প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ছিলেন। শ্বশুরের সব সম্পত্তি বেক্সিমকোর কাছে বেচে দিয়েছিলেন। রেখে গেছেন বিদ্যুত্, গ্যাস ঘাটতি। উনি বড়লোক হয়ে পত্রিকার মালিক হয়েছেন। কাবা শরীফের গিলাফ পরিবর্তনের ছবি পরিবর্তন করে আমার দেশ বলেছে আলেমদের মুক্তির দাবিতে মাননববন্ধন করা হয়েছে, জনস টাউনে একসাথে দু/আড়াইহাজার লোক আত্মহত্যা করে-সেই ছবি শাপলা চত্ত্বরের বলে চালানো হয়েছে।
আস্তিক, নাস্তিক প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বায়তুল মোকাররমের উন্নয়নে সৌদি সরকারের সহযোগিতায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ কাজ শুরু করে। বিএনপি তা বন্ধ করে দেয়। এই মেয়াদে উন্নয়ন কাজ শেষ হয়। তিনি প্রশ্ন তোলেন, ‘কে আস্তিক, যে মসজিদে আগুন দেয়, না যে মসজিদের উন্নয়নে কাজ করে?
পদ্মা সেতু প্রসঙ্গ
পদ্মা সেতু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, একটি ব্যাংকের এমডি কাকে রাখা হবে সে নিয়ে বিতর্কের জেরে বিশ্বব্যাংক দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। তবে, এ নিয়ে তিনি বা তাঁর সরকার শঙ্কিত নয়। তিনি বলেন এর জন্য হয়তো তাঁকে বঙ্গবন্ধুর মত রক্ত দিতে হবে, তবে তিনি মাথা হেঁট করবেন না। তিনি আরো বলেন, বিএনপি আমলে যোগাযোগ, সেতু, বিদ্যুত্ খাতে ষড়যন্ত্রের কারণে বিশ্বব্যাংক সহযোগিতা বন্ধ করেছিল। ব্যঙ্গ করে তিনি বলেন, ‘অর্থ আর প্রেম লুকিয়ে রাখা যায় না। ভাঙ্গা সুটকেস থেকে কি বেরিয়েছে, সেটা আর বলতে চাই না। বিরোধী দলীয় নেতার ছেলেরা অর্থ পাচার করেছেন, সেটা আমরা ফিরিয়ে এনেছি।’
নিউজপ্রিন্ট প্রসঙ্গ
হাসিনা বলেন, ‘দেশে অনেক নিউজপ্রিন্ট উত্পাদন করা হয়। এ ছাড়া পত্রিকার মালিকেরা বিদেশ থেকে অনেক নিউজপ্রিন্ট আমদানি করেন। একবারে এর দাম না বাড়িয়ে এর দাম সহনশীল পর্যায়ে নিয়ে আসার জন্য অনুরোধ করব।’ নিউজপ্রিন্ট প্লেট আগের মতো যেন করা হয়, সেটার অনুরোধও করেন তিনি।
তত্ত্বাবধায়ক প্রসঙ্গ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালের ১৫ নভেম্বর বিএনপি ভোট চুরি করেছিল বলে আমরা তত্ত্বাবধায়ক দাবি করেছিলাম। জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার আদায়ে এ আন্দোলন করেছিলাম। তিনি বলেন, ‘২০০৪ সালের উপনির্বাচনে মোসাদ্দেক হোসেন ফালুর ভোটে কোনো ভোটার লাগেনি। তাদের নির্বাচনের মন্ত্র ছিল “১০টা হুন্ডা, ১০টা গুন্ডা, জনগণ ঠান্ডা”।’
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে পাঁচ হাজারের ওপর নির্বাচন হয়েছে। প্রতিনিয়ত নির্বাচন হচ্ছে। প্রতিটি নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। তিনি বলেন, ‘রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটে আমাদের মেয়র ছিল। ওই এলাকার মানুষকে বলব, আপনারা দেখেন তাঁরা আপনাদের শহরে কী উন্নয়ন করেছে। তার পরও তারা নিজেদের প্রার্থী নির্বাচন করেছে। জিতে তারা (বিরোধী দল) বাকবাকুম পায়রা হয়ে গেল।’ তিনি বলেন, ‘হেরেছি বলে দুঃখ নেই। আমাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়, এটাই প্রমাণ। অথচ ১১ দিন পর হঠাত্ আমাদের বিরোধীদলীয় নেত্রী ঘুম থেকে জেগে উঠে বললেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু হয়নি। তাহলে নির্বাচন বাতিল করে দিয়ে নতুন করে করি।’
হাসিনা বলেন, ‘অনেক চড়াই-উতরাই পার হয়ে বর্তমান অবস্থায় এসেছি। পৃথিবীর অন্য দেশগুলোতে যেভাবে নির্বাচন হয়, আমাদের দেশেও সেইভাবে নির্বাচন হবে। আপনারা যাদের আশায় তত্ত্বাবধায়কের কথা বলছেন। তাদের একবার ক্ষমতা নিলে কী ছাড়বে?’
প্রধানমন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার উনার (খালেদা জিয়া) ছেলেকে মুচলেকা দিয়ে স্ট্যাম্পে লিখে বাইরে পাঠিয়ে দিয়েছে। যারা তৃতীয় শক্তি নিয়ে আনতে চায়, তারা কিন্তু মাইনাস টু ফর্মুলা করেছে। তাদের ওপর বিশ্বাস রাখা যায় না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘মাইনাস টু যেন না আসতে পারে সেজন্য সতর্ক থাকতে হবে। যাকে ভোট দেবে সেই ক্ষমতায় আসবে। গণতান্ত্রিক প্রক্রিয়া যেন থাকে, সেটা একবার হলেও দেখতে হবে। গণতান্ত্রিক বিধি-ব্যবস্থা না থাকলে একটা দেশ এগিয়ে যাবে না। মানুষের ওপর বিশ্বাস করতে হবে। আস্থা রাখতে হবে। বিরোধী দল কেন বিশ্বাস করছে না, এটা আমি বুঝতে করতে পারছি না।’
সবশেষে চমত্কার বাজেটের জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।