লেখাজোকা কর্মশালা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরলিক্স ও কিশোর আলোর আয়োজনে স্বপ্নের গল্প প্রতিযোগিতার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানের পর দিনাজপুর ও কুষ্টিয়া শহরে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে ‘লেখাজোকা’ কর্মশালা। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো খবর:

দিনাজপুর: শহরের সারদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মশালায় পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রীদের অংশগ্রহণের কথা থাকলেও প্রতিষ্ঠানটির সব শ্রেণীর ছাত্রীদের (তৃতীয় থেকে ১০ম শ্রেণী পর্যন্ত) পাশাপাশি শিক্ষকেরাও যোগ দেন। উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. সফিকুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক রতন কুমার রায়। এরপর প্রথমে লেখার ওপর আলোচনা করেন দিনাজপুর সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ও লেখক মাসুদুল হক। আঁকা প্রসঙ্গে বলেন দিনাজপুর জিলা স্কুলের চারুকলা বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক মো. জাহাঙ্গীর আলম। সব শেষে বিভিন্ন প্রশ্নের বুদ্ধিদীপ্ত জবাব দিয়ে ৭৫ জন ছাত্রী পুরস্কার জিতে নেয়।
কুষ্টিয়া: কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল বেলা ১১টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক শেফালী রহমান। কর্মশালায় অংশ নেয় ১৫০ জন ছাত্রী। গল্প ও কবিতা লেখার বহুমাত্রিক দিক ও কলাকৌশল সম্পর্কে তাদের বলেন, কুষ্টিয়া লেখক ফোরামের সভাপতি ও সাহিত্যিক মুনশী সাঈদ। বিভিন্ন ধরনের ছবি আঁকা সম্পর্কে প্রাণবন্ত আলোচনা করেন শিল্পী মীর জাহিদ। সব শেষে বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দিয়ে প্রায় ৭০ জন ছাত্রী পুরস্কার হিসেবে কিশোর আলো উপহার পায়।