
হরলিক্স ও কিশোর আলোর আয়োজনে চলছে স্বপ্নের গল্প প্রতিযোগিতা। এর প্রস্তুতির অংশ হিসেবে দেশের ২০টি স্কুলে লেখা ও আঁকার কর্মশালা চলছে।
গতকাল বুধবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে লেখাজোকা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে কর্মশালা পরিচালনা করেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক ও শিল্পী বিপুল শাহ্। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সুবহানী।
রংপুরের কর্মশালাটি পরিচালনা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তুহিন ওয়াদুদ ও চিত্রকলা প্রতিষ্ঠানের চিত্রশিল্পী রিয়াজ মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ কর্নেল রশিদুল ইসলাম খান।
গত মঙ্গলবার রাজধানীর ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ‘লেখাজোকা’ শীর্ষক এই কর্মশালায় লেখা ও আঁকার বিভিন্ন কলাকৌশল বিষয়ে আলোচনা করেন আনিসুল হক ও শিল্পী বিপুল শাহ্। এ সময় উপস্থিত ছিলেন ওয়াইডব্লিউসিএর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মঞ্জু বাড়ৈ।
আজ তিনটি স্কুলে কর্মশালা অনুষ্ঠিত হবে। ঢাকায় মোহাম্মদপুর প্রিপারেটরি বালিকা উচ্চবিদ্যালয়, ক্যামব্রিয়ান স্কুল ও কলেজ এবং ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উচ্চবিদ্যালয়।