ডিগ্রি পরীক্ষার ফরম পূরণের টাকা না পেয়ে বাবাকে হত্যা করেছেন আবু হাসান নামের এক কলেজছাত্র। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ব্যবসায়ী হবিবর রহমান ধলু (৫২) হত্যাকাণ্ডের আট মাস পর তাঁর ছেলে গতকাল রোববার বিকেলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল্লাহ আল মামুনের আদালতে আবু হাসান এ জবানবন্দি দেন। আবু হাসান বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বিএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
থানা-পুলিশ সূত্র জানায়, দুপচাঁচিয়ার চামরুল ইউনিয়নের আটগ্রাম শাহ্পাড়ার ব্যবসায়ী হবিবর রহমান ২০১৫ সালের ১০ জুন নিজ ঘরে খুন হন। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের পর পুলিশ বাদী হয়ে এ ঘটনায় ৪ ফেব্রুয়ারি থানায় একটি হত্যা মামলা করে। দুদিন পর ৬ ফেব্রুয়ারি পুলিশ সন্দেহভাজন হিসেবে হবিবর রহমানের ছেলে আবু হাসান (২১) ও স্ত্রী রেহেনা বেগমকে (৪৩) আটক করে। জিজ্ঞাসাবাদে আবু হাসান বাবাকে হত্যার কথা স্বীকার করেন। পুলিশ গতকাল রোববার তাঁকে আদালতে হাজির করলে সেখানে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আবু হাসান।
বগুড়ার সহকারী পুলিশ সুপার বি-সার্কেল গাজীউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ব্যবসায়ী হবিবর রহমান তাঁর ছেলে ও স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। ঘটনার দিন সকালে আবু হাসান তাঁর পরীক্ষার ফরম পূরণের টাকা চান বাবার কাছে। কিন্তু হবিবর পড়ালেখা বন্ধ করে দিতে বলে ছেলেকে মাত্র ৫০ টাকা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। তখন আবু হাসান বাবার ড্রয়ার ভেঙে আড়াই হাজার টাকা নিয়ে ফরম পূরণ করেন। বিকেলে ফিরে দেখেন, মা ও বোনকে তাঁর বাবা মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে নিজ ঘরে দরজা বন্ধ করে ঘুমাচ্ছেন। ক্ষিপ্ত আবু হাসান মই দিয়ে উঠে চালার ফাঁক দিয়ে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত বাবাকে খুন করেন।
দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, আবু হাসান আদালতে হত্যার দায় স্বীকার করেছেন।