লেখাপড়া করে জঙ্গিবাদের সঙ্গে জড়ানো অপ্রত্যাশিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, স্কুল-কলেজে লেখাপড়া করে কেউ জঙ্গিবাদের সঙ্গে জড়িত হবে, কেউ সন্ত্রাসের সঙ্গে জড়িত হবে, যা একেবারেই অপ্রত্যাশিত। গতকাল শুক্রবার গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্র দীঘলিয়ায় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরেফিন সিদ্দিক বলেন, ‘যারা নিজেদের আলোকিত করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে এসেছে, সেই শিক্ষা–প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা জঙ্গিবাদের সঙ্গে জড়িত হচ্ছে, তখন আমরা হতবাক হই।’ সেখানে কেমন লেখাপড়া করানো হচ্ছে, প্রশ্ন করেন তিনি।
রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. হাবিবুর রহমান এতে সভাপতিত্ব করেন। এর আগে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে একটি পাঠাগার উদ্বোধন করেন আ আ ম স আরেফিন সিদ্দিক।