লেখাপড়াই কাল হলো গৃহবধূ শাহীনার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখাপড়াই কাল হলো গৃহবধূ শাহীনা আক্তারের (২০)! নিহত গৃহবধূর বাবার দাবি, তাঁর মেয়েকে হত্যা করে মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে প্রচারণা চালানো হচ্ছে। অন্যদিকে স্বামীর দাবি, হূদেরাগে আক্রান্ত হয়ে শাহীনার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাট গ্রামে। নাম প্রকাশে অনিচ্ছুক রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী জানান, ওই গ্রামের আবদুল জলিলের ছেলে আবদুল মান্নানের সঙ্গে একই ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামের শাহজাহান আলীর মেয়ে শাহীনা আক্তারের ২০১০ সালের ২৩ জুলাই বিয়ে হয়। শাহীনা গত বছর ডিমলা জনতা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে শাহীনা রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য রংপুরে একটি মেসে থেকে কোচিং করেন। পুত্রবধূ বাইরে থেকে লেখাপড়া করবে, এটা তাঁর শ্বশুরবাড়ির লোকজন মেনে নিতে পারছিল না। সে কারণে তাঁকে প্রায়ই নানাভাবে নির্যাতন করা হতো। শাহীনার বাবা শাহজাহান আলী অভিযোগ করে বলেন, ‘তারা আমার মেয়েকে হত্যা করে মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে প্রচারণা চালাচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’ শাহীনার স্বামী আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, ‘আমি আমার ওষুধ কোম্পানির কাজে ডিমলায় ছিলাম, বিকেল পাঁচটার দিকে বাসায় এসে দেখি আমার স্ত্রীর মাথায় পানি ঢালা হচ্ছে। আমি ডিমলা হাসপাতালে নিয়ে আসার পর সে মারা যায়। সে হূদেরাগে মারা গেছে।’ ডিমলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এ এইচ এম রেজওয়ানুল কবির বলেন, মেয়েটির মুখে বিষের গন্ধ ছিল।