লেখাপড়ার জন্য ক্যাম্পাসে যেতে চায় 'ভিএক্স'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) পক্ষের নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, তাঁদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। লেখাপড়া চালিয়ে যেতে ক্যাম্পাসে প্রবেশ এবং হলে অবস্থানের দাবিতে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন তাঁরা।
তবে ক্যাম্পাসে ভিএক্স পক্ষের নেতা-কর্মীদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ‘সিএফসি’ (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) ও ‘ক্যাম্পাস ছাত্রলীগ’ পক্ষের নেতারা। গত বছরের ১৪ ডিসেম্বর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে খুন হন সংস্কৃত বিভাগের শিক্ষার্থী তাপস সরকার। এ হত্যাকাণ্ডের পর ভিএক্স পক্ষের নেতা-কর্মীদের ক্যাম্পাসে দেখা যায়নি।
চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে গতকাল ভিএক্স পক্ষের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মোহাম্মদ ফারুক। এতে দাবি করা হয়, ১৪ ডিসেম্বর ছাত্রলীগের দুই পক্ষের উত্তেজনার সুযোগ নিয়ে আমানত হলের তৃতীয় তলায় তাপসকে একা পেয়ে হত্যা করে অছাত্র ও বহিরাগত অনুপ্রবেশকারীরা। তারা ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে শিবিরকে পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ হত্যাকাণ্ড নিয়ে সিএফসি পক্ষ ফায়দা হাসিলের অপতৎপরতা চালাচ্ছে।
লিখিত বক্তব্যে বলা হয়, তাপস হত্যার পর শাহজালাল হল থেকে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিতাড়িত এবং গণগ্রেপ্তার করে পুলিশ। তাঁদের শিক্ষাজীবন হুমকির সম্মুখীন। হলে অবস্থান করে পড়াশোনা চালিয়ে যেতে চান নেতা-কর্মীরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রায়হানুল কাদের, শাহরিয়ার তানিম, মিজানুর রহমান, মাঈনুদ্দীন রায়হান প্রমুখ।
ভিএক্স পক্ষের দাবির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের (ভিএক্স) দাবির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তবে সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ পক্ষের নেতা ও বিলুপ্ত কমিটির সহসভাপতি অমিত কুমার বসু প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সাম্প্রদায়িক অপশক্তির দালালদের যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
তাপস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাহজালাল হলে অভিযান চালিয়ে ভিএক্স পক্ষের ২৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এই হত্যাকাণ্ডের ঘটনায় ভিএক্স পক্ষের নেতা-কর্মীদের আসামি করে দুটি মামলা হয়। সম্প্রতি একটি মামলায় ভিএক্স পক্ষের ১৫ জন নেতা-কর্মী জামিনে মুক্ত হন।